গাজীপুর মহানগরীর পূবাইলে নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়া একটি কাভার্ডভ্যানের চাপায় ইজিবাইক চালক মো. বায়জিদ (১৮) নিহত হয়েছেন।
বুধবার দুপুরে পূবাইল থানার ৪০নং ওয়ার্ডের ঢাকা বাইপাস রোডের মেঘডুবী খোরাইদ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহত বায়জিদ কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ থানার মোলামকাছর গ্রামের নাজিম উদ্দীনের ছেলে। বর্তমানে গাজীপুরের ৪০নং ওয়ার্ডের কুদাব এলাকার হায়দার ওরফে পেরার বাড়ির ভাড়াটিয়া ছিলেন।
প্রত্যক্ষদর্শীদের জানা গেছে, দুপুর ২টার দিকে কাভার্ডভ্যানটি খোরাইদ রাস্তা থেকে বাইপাস রোডে উঠার সময় নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যায়। এতে ইজিবাইকসহ তার উপরে পড়ে বায়জিদের ঘটনাস্থলেই মৃত্যু হয়।
বায়জিদ মিরের বাজার থেকে ইজিবাইকে পানি নিয়ে খোরাইদ যাওয়ার উদ্দেশ্যে বের হন। মেঘডুবি স্কুলের উত্তর পাশের এলাকায় পৌঁছানোর সময় কাভার্ডভ্যানটি নিয়ন্ত্রণ হারায় এবং উল্টে যায়।
পূবাইল থানার উপ-পরিদর্শক (এসআই) মো. রুহুল আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, “দুর্ঘটনার পর থেকে আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন রয়েছে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন