নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় এক রাতে সাতটি বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে।
মঙ্গলবার দিবাগত রাতে উপজেলার ব্রাহ্মন্দী ইউনিয়নের লস্করদী সরকার বাড়ি এলাকায় এই গণডাকাতির ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, ওই রাতে ২০-২৫ জনের একটি মুখোশধারী সশস্ত্র ডাকাত দল গভীর রাতে জুলহাস, বিল্লাল, সুমন, নাঈম, শাহিন, হানিফা ও শহীদের ঘরে প্রবেশ করে। তারা ঘরের সদস্যদের অস্ত্রের মুখে জিম্মি করে হাত-পা বেঁধে ডাকাতি চালায়। ডাকাতরা ঘরে থাকা নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মোবাইল ও মূল্যবান মালামাল লুট করে নেয়।
ডাকাতদল হানিফার ঘর থেকে প্রায় ৫ লাখ টাকা এবং অন্য আরেকটি ঘর থেকে ২৮ হাজার টাকা লুট করে বলে জানা গেছে। এছাড়া বাকি বাড়িগুলো থেকেও নগদ অর্থ ও মালামাল নিয়ে যায় তারা।
এ বিষয়ে আড়াইহাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “ডাকাতির বিষয়ে এখনো কেউ কোনো লিখিত অভিযোগ দেয়নি। তবে ঘটনা শুনেই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। ডাকাতদের শনাক্ত করে লুণ্ঠিত মালামাল উদ্ধারে অভিযান চালানো হচ্ছে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন