টাঙ্গাইলের মির্জাপুরে ৬০ ড্রাম পামওয়েল তেলসহ একটি ট্রাক ছিনতাইয়ের ঘটনা ঘটেছে।
শুক্রবার ভোর সাড়ে ৩টার দিকে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের শুভুল্যা এলাকায় এ ছিনতাইয়ের ঘটনা ঘটে।
ট্রাকের হেলপার টিটু জানান, বৃহস্পতিবার সকালে (ঢাকা মেট্রো ট-২৪-৪৮২৯ নম্বরের) ট্রাকে করে ৬০ ড্রাম পামওয়েল তেল নিয়ে চট্টগ্রাম থেকে বগুড়ার দুপচাঁচিয়া উদ্দেশে রওনা দেন তারা। রাত আনুমানিক ৩টার দিকে মির্জাপুর এলাকায় পৌঁছালে পেছন থেকে একটি নীল রঙের পিকআপ এসে তাদের ট্রাকের গতি রোধ করে।
পিকআপে থাকা ৮-১০ জন ব্যক্তি দ্রুত নেমে এসে চালক ও হেলপারকে ধারালো অস্ত্রের মুখে জিম্মি করে। পরে তাদের চোখ ও হাত বেঁধে ফেলে এবং বৈদ্যুতিক শক দেওয়ার যন্ত্র দিয়ে বারবার আঘাত করে, যার ফলে তারা কিছু সময়ের জন্য শারীরিকভাবে অচল হয়ে পড়েন। পরে ডাকাতরা তাদের মহাসড়কের দেলদুয়ার অংশের নাসির গ্লাস ফ্যাক্টরির সামনে ফেলে রেখে তেলভর্তি ট্রাকটি নিয়ে পালিয়ে যায়।
ছিনতাই হওয়া ৬০ ড্রাম পামওয়েলের বাজারমূল্য প্রায় ২০ লাখ টাকা বলে জানা গেছে।
মির্জাপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “বিষয়টি নিয়ে আমরা কাজ করছি। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন