কোরবানির পশুবাহী ট্রাক থেকে অতিরিক্ত ভাড়া ও চাঁদা আদায়ের অভিযোগ উঠেছে রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়া ফেরিঘাটে। ঈদুল আজহা উপলক্ষে এসব ট্রাক ভিআইপি সুবিধায় পার হওয়ার কথা থাকলেও ঘাটে এসে পড়তে হচ্ছে নানা ভোগান্তিতে।
সরেজমিনে ঘাট এলাকায় দেখা গেছে, ফেরি পারাপারের সময় কিছু সিন্ডিকেটচক্র ট্রাক থামিয়ে রাখাল ও খামারিদের কাছ থেকে ৪০ থেকে ৫০ টাকা করে আদায় করছে। ফেরির ‘লুছ যাত্রী’ টিকিটের অজুহাতে এসব টাকা নেওয়া হচ্ছে, যদিও খামারি ও চালকেরা গাড়ির ভাড়া বাবদ ফেরির নির্ধারিত টিকিট আগেই কিনে থাকেন।
পশুবাহী ট্রাকের সঙ্গে থাকা একাধিক খামারি অভিযোগ করেন, ‘আমরা গাড়ির ভাড়া দিয়েছি, তারপরও জোর করে টিকিট ধরিয়ে ৫০ টাকা নেয়। না দিলে ফেরিতে উঠতে দেয় না।’
বিষয়টি নিয়ে কথা বললে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব্যবস্থাপক মো. সালাহউদ্দিন বলেন, ‘ফেরিতে কেবলমাত্র পায়ে হেঁটে ওঠা যাত্রীরাই লুছ যাত্রী হিসেবে টিকিট কাটবে। পশুবাহী ট্রাকের সঙ্গে থাকা কারও কাছ থেকে অতিরিক্ত কোনো টাকা আদায় করা অবৈধ।’
তিনি আরও জানান, ঘাটে এ ধরনের অনিয়ম হলে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নাহিদুর রহমান বলেন, ‘পশুবাহী গাড়ি থেকে চাঁদা তোলা অপরাধ। ঈদ সামনে রেখে ঘাটে কোনো অনিয়ম বরদাশত করা হবে না। সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’
এদিকে, ফেরিঘাটে উপস্থিত টিকিট বিক্রেতাদের অনেকে ৪০ টাকার টিকিট ৫০ টাকায় বিক্রি করছেন বলে অভিযোগ পাওয়া গেছে। কারণ জানতে চাইলে তারা জানান, ‘ভাংতি না থাকায় অতিরিক্ত নেওয়া হয়।’ তবে স্থানীয়দের অভিযোগ, এটি বাধ্যতামূলক চাঁদা আদায়ের এক কৌশল।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন