বরিশালের মেহেন্দিগঞ্জ উপজেলার চাঁনপুর ইউনিয়নের জোড়খালি গ্রামে এক ভয়াবহ অগ্নিকাণ্ডে তিনটি বসতঘর সম্পূর্ণ পুড়ে গেছে। শুক্রবার রাত আনুমানিক ১টার দিকে তালুকদার বাড়িতে আগুনের সূত্রপাত হয়। আগুন দ্রুত ছড়িয়ে পড়ে আশপাশের ঘরগুলোতে।
স্থানীয়দের ভাষ্য অনুযায়ী, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুন লাগার লক্ষণ ছিল না। তাঁদের সন্দেহ, এটি পরিকল্পিত অগ্নিসংযোগ হতে পারে। ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে প্রশাসনের তদন্ত দাবি করেছেন এলাকাবাসী।
আগুন লাগার সময় ঘরের মালিক মো. জাফর তালুকদার ও মো. খলিলুর রহমান ঘুমিয়ে ছিলেন। আগুনের শব্দে ঘুম ভেঙে গেলে দ্রুত ঘর থেকে বের হলেও ততক্ষণে আগুন পুরো ঘর গ্রাস করে ফেলে। ফায়ার সার্ভিসে ফোন করা হলেও তারা পৌঁছানোর আগেই স্থানীয় বাসিন্দারা নিজ উদ্যোগে পানি ও বালতির সাহায্যে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করেন।
দুই ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে এলেও ততক্ষণে তিনটি বসতঘর, আসবাবপত্র, গবাদিপশু ও প্রয়োজনীয় কাগজপত্রসহ সবকিছু ছাই হয়ে যায়।
ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর একজন, মো. খলিলুর রহমান চোখ মুছতে মুছতে বলেন, আমার চোখের সামনে সব পুড়ে গেল। কিছুই বাঁচাতে পারিনি। কিছুদিন আগে অনেক কষ্ট করে ঋণ নিয়ে ঘরটা বানিয়েছিলাম। এখন আমার মাথা গোঁজার ঠাঁইটুকুও নেই। আমি কোথায় থাকব?
ঘটনার পরপরই চাঁনপুর ইউনিয়নের জনপ্রতিনিধিরা ঘটনাস্থলে ছুটে যান এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর পাশে দাঁড়ানোর আশ্বাস দেন।
এ বিষয়ে মেহেন্দিগঞ্জ উপজেলা প্রশাসন জানিয়েছে, তারা ঘটনাটি জেনেছেন এবং বিষয়টি তদন্ত করে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন