গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় ঢাকাগামী বাসে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগে পাঁচটি পরিবহনকে মোট ২৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
শনিবার দুপুরে সেনাবাহিনীর গোয়েন্দা তথ্যের ভিত্তিতে টুঙ্গিপাড়া পৌর বাস টার্মিনালে এ অভিযান পরিচালনা করেন সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ দস্তগীর।
অভিযানের সময় বাস কাউন্টার থেকে অতিরিক্ত আদায়কৃত প্রায় ১৫ হাজার টাকা উদ্ধার করে যাত্রীদের মাঝে ফেরত দেওয়া হয় সেনাবাহিনীর সদস্যদের সহায়তায়।
ভ্রাম্যমাণ আদালতের অভিযানে টুঙ্গিপাড়া সেনা ক্যাম্পের মেজর মোহাম্মদ ইমরান, টুঙ্গিপাড়া থানার উপপরিদর্শক (এসআই) মোস্তফা কামালসহ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
সহকারী কমিশনার (ভূমি) মারুফ দস্তগীর বলেন, “ঈদের ছুটির পর ঢাকাগামী বাসগুলোর কাউন্টার থেকে ৫০০ টাকার ভাড়া ৬০০ থেকে ৯০০ টাকা পর্যন্ত আদায় করা হচ্ছিল। গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে সত্যতা পাওয়ায় বিআরটিসি, কমফোর্ট লাইন, সেবা গ্রীনলাইন, রয়েল ও ওয়েলকাম এক্সপ্রেস—এই পাঁচটি পরিবহনকে ৫ হাজার টাকা করে মোট ২৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।”
তিনি আরও বলেন, “অতিরিক্ত ভাড়া আদায়ের ঘটনায় কাউন্টার থেকে আদায়কৃত অর্থ উদ্ধার করে তা যাত্রীদের ফিরিয়ে দেওয়া হয়েছে। ভবিষ্যতেও এমন অভিযোগ পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন