চাঁপাইনবাবগঞ্জে নানা আয়োজনে পালিত হবে ‘জুলাই গণঅভ্যুত্থান দিবস ২০২৬’। আগামী ৫ আগস্ট দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালন উপলক্ষে মঙ্গলবার জেলা প্রশাসনের আয়োজনে এক সভায় নানা কর্মসূচি গ্রহণ করা হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত স্থানীয় কর্মসূচি প্রণয়ন সংক্রান্ত প্রস্তুতিমূলক সভায় বেশ কিছু সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৫ আগস্ট সকালে জেলা শহরের খাদ্য অফিস মোড় এলাকায় জুলাই শহীদ স্মৃতি সৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করা হবে। এরপর জেলা প্রশাসকের কার্যালয় চত্বরে জুলাই শহিদ পরিবার ও জুলাই যোদ্ধাদের সংবর্ধনা প্রদান এবং দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা অনুষ্ঠিত হবে।
কর্মসূচির মধ্যে আরও থাকছে সকল শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের মধ্যে চিত্রাঙ্কন, আবৃত্তি ও রচনা প্রতিযোগিতা, প্রামাণ্যচিত্র প্রদর্শন, হাসপাতাল, জেলখানা, শিশু পরিবার ও ইয়াতিমখানায় প্রীতিভোজ এবং আলোকসজ্জা।
জেলা প্রশাসন আয়োজিত এই সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী। সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, জেলা বিএনপির আহ্বায়ক গোলাম জাকারিয়া, জেলা জামায়াতের সেক্রেটারি আবু বকর, সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া এবং জেলা তথ্য অফিসার রূপ কুমার বর্মন।
এছাড়াও সভায় অংশ নেন জুলাই যোদ্ধা আব্দুর রাহিম, ঢাকায় শহিদ মতিউর রহমানের স্ত্রী মোসা. রোজিনা খাতুন ও মেয়ে ইসরাত জাহানসহ জুলাই যোদ্ধা এবং বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ। জেলা প্রশাসক আবু ছালেহ মো. মুসা জঙ্গী সভাপতির বক্তব্যে দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান।
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন