টাঙ্গাইলের সখীপুরে আমিনা বেগম (৪৫) নামের এক গৃহবধূর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ।
সোমবার সকাল ৭টার দিকে উপজেলার কাকড়াজান ইউনিয়নের চকপাড়া এলাকায় রাস্তার পাশে একটি গাছ থেকে তার লাশ উদ্ধার করা হয়।
নিহত আমিনা বেগম টাঙ্গাইলের কালিহাতী উপজেলার বর্গা গ্রামের আব্দুল লতিফ মিয়ার স্ত্রী।
নিহতের দেবর মো. আব্দুল হাই জানান, আমিনা বেগম গত ৫-৬ বছর ধরে মানসিক সমস্যায় ভুগছিলেন। গতকাল (১৫ জুন) বিকেল থেকে তিনি নিখোঁজ ছিলেন। গভীর রাত পর্যন্ত স্বজনেরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। তার একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
আজ সকালে বাড়ি থেকে প্রায় ৩ কিলোমিটার দূরে সখীপুর উপজেলার চকপাড়া এলাকায় রাস্তার পাশে একটি গাছে তার ঝুলন্ত লাশ দেখতে পান স্থানীয়রা। পরে খবর পেয়ে সখীপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
সখীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া বলেন, “আমিনা বেগমের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। আপাতত একটি অপমৃত্যুর মামলা প্রক্রিয়াধীন। ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন