ভারতে পালানোর চেষ্টাকালে রাজশাহীর তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক জুবায়ের ইসলাম (৫৮)–কে গ্রেপ্তার করেছে দর্শনা ইমিগ্রেশন পুলিশ।
ঘটনাটি ঘটেছে মঙ্গলবার (১৭ জুন) সকালে চুয়াডাঙ্গার দর্শনা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্টে। পাসপোর্ট যাচাইয়ের সময় পুলিশি ব্লকলিস্টে তার নাম ওঠে আসে। সঙ্গে সঙ্গেই ইমিগ্রেশন পুলিশ তাকে আটক করে এবং পরে দর্শনা থানা পুলিশের কাছে হস্তান্তর করে।
গ্রেপ্তার জুবায়ের ইসলাম রাজশাহীর তানোর উপজেলার মুন্ডুমালা পৌরসভার সাদিপুর গ্রামের বাসিন্দা। তিনি তানোর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক পদে রয়েছেন। তার বিরুদ্ধে তানোর থানায় দুটি মামলা রয়েছে বলে জানিয়েছেন দর্শনা থানার অফিসার ইনচার্জ (ওসি) শহীদ মুহম্মদ তিতুমীর।
ওসি বলেন, ‘ব্লকলিস্টে নাম থাকায় ইমিগ্রেশন চেকিংয়ে ধরা পড়েন তিনি। এরপর আমরা তাকে আটক করে তানোর থানাকে অবহিত করেছি। প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে সেখানে হস্তান্তর করা হবে।’
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন