চাঁদপুরের হাইমচরে সম্পত্তিগত বিরোধের জেরে চোখে-মুখে মরিচের গুঁড়া ছিটিয়ে ওমর ফারুক নামের এক যুবককে দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যার ঘটনায় এজাহারনামীয় ৫ নারী ও ২ কিশোরসহ মোট ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার দুপুরে গ্রেপ্তার আসামিদের চাঁদপুর আদালতে পাঠানো হয়েছে।
পুলিশ জানায়, এই হত্যাকাণ্ডের ঘটনায় নিহত যুবকের বাবা আবদুল খালেক ঢালী বাদী হয়ে বুধবার সকালে দণ্ডবিধির সংশ্লিষ্ট ধারায় হাইমচর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন (মামলা নং-৫)।
এরপর হাইমচর থানার ওসি মোহাম্মদ নাজমুল হাসানের নির্দেশনায় এসআই প্রিয়লাল ঘোষের নেতৃত্বে পুলিশের একটি দল উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে।
গ্রেপ্তার আসামিরা হলেন- আখি আক্তার (২৩), নাজমা বেগম (৪৫), লাকী বেগম (৩০), সোনিয়া বেগম (১৯) ও তয়মুনন্নেছা (৫৫)। তাদের সবার বাড়ি হাইমচরের উত্তর আলগী দুর্গাপুর ইউনিয়নের ছোট লক্ষ্মীপুর গ্রামে। এছাড়া একই ঘটনায় জুম্মান (১৫) ও আব্দুল্লাহ (১৩) নামের দুই কিশোরকেও গ্রেপ্তার করা হয়।
হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজমুল হাসান বলেন, নৃশংস এই হত্যাকাণ্ডের পর পুলিশ দ্রুততার সঙ্গে মূল আসামিদের গ্রেপ্তার করেছে। ঘটনার সঙ্গে জড়িত বাকিদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন