পটুয়াখালীর মির্জাগঞ্জ থেকে কর্মস্থল বরিশাল যাওয়ার পথে সড়ক দুর্ঘটনায় আহত ব্যাংক কর্মকর্তা মো. ফাইজুল কবির নান্নু মিয়া (৫৫) ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
শনিবার সন্ধ্যা ৬টায় রাজধানীর একটি হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি।
ফাইজুল কবির মির্জাগঞ্জ উপজেলার পূর্ব সুবিদখালী গ্রামের মৃত কাঞ্চন হাওলাদারের পুত্র। তিনি বরিশালের গ্রামীণ ব্যাংকে অডিট অফিসার হিসেবে কর্মরত ছিলেন।
তার ছোট ভাই মো. জাকির হোসেন জানান, ঈদের ছুটি শেষে গত ১৪ জুন বিকেলে মোটরসাইকেলে করে কর্মস্থলে ফেরার পথে বাকেরগঞ্জ উপজেলার কালীগঞ্জ বাজার এলাকায় দুর্ঘটনায় গুরুতর আহত হন নান্নু মিয়া। স্থানীয়রা তাকে উদ্ধার করে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। পরবর্তীতে অবস্থার অবনতি হলে তাকে ঢাকা ইউনিভার্সাল হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে মাথায় অস্ত্রোপচারের পর আইসিইউতে রাখা হয়, কিন্তু শেষ পর্যন্ত তাকে বাঁচানো যায়নি।
শনিবার গভীর রাতে তার মরদেহ গ্রামের বাড়িতে পৌঁছালে এলাকায় শোকের ছায়া নেমে আসে।
রবিবার (২২ জুন) সকাল ৯টায় উপজেলা পরিষদ মাঠে প্রথম জানাজা এবং দুপুর ২টায় পূর্ব সুবিদখালীতে পারিবারিক কবরস্থানে দ্বিতীয় জানাজা শেষে দাফন সম্পন্ন হয়।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন