লালমনিরহাটের হাতীবান্ধা উপজেলায় স্ত্রী দায়ের করা যৌতুকের মামলায় তাহাবিবর হোসেন খন্দকার অনিক (৩৫) নামে এক ইউনিয়ন পরিষদ (ইউপি) সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার দুপুরে উপজেলার বড়খাতা ইউনিয়নের পূর্ব সারডুবি এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার অনিক ফকিরপাড়া ইউনিয়নের ৪নং ওয়ার্ড সদস্য এবং পূর্ব ফকিরপাড়া এলাকার মৃত তবিবার রহমান খন্দকারের ছেলে।
মামলা সূত্রে জানা গেছে, প্রায় ১১ বছর আগে অনিকের সঙ্গে একই উপজেলার রমনীগঞ্জ এলাকার আমির হোসেনের মেয়ে সুলতানা খাতুন (৩৩)-এর বিয়ে হয়। তাদের সংসারে একটি ছেলে ও একটি মেয়ে রয়েছে।
সম্প্রতি অনিক ৫ লাখ টাকা যৌতুক দাবি করেন। সুলতানার পরিবার টাকা দিতে অপারগতা জানালে অনিক তাকে শারীরিক ও মানসিকভাবে নির্যাতন শুরু করেন। সর্বশেষ গত ২৮ মে যৌতুকের দাবিতে সুলতানাকে মারধর করেন তিনি। খবর পেয়ে সুলতানার বাবা-মা সেখানে গেলে তার মা নুরনাহার বেগমকেও মারধর করা হয়।
পরে স্থানীয়রা মা-মেয়েকে উদ্ধার করে হাতীবান্ধা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন।
ঘটনার পর সুলতানা খাতুন বাদী হয়ে হাতীবান্ধা থানায় স্বামী অনিকের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন। অভিযোগটি আমলে নিয়ে পুলিশ রোববার অনিককে গ্রেপ্তার করে এবং সেটিকে নিয়মিত মামলা হিসেবে নথিভুক্ত করে।
হাতীবান্ধা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুন নবী বিষয়টি নিশ্চিত করে বলেন, “স্ত্রীর দায়ের করা যৌতুকের মামলায় ইউপি সদস্য অনিককে গ্রেপ্তার করা হয়েছে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন