দেশের তৃতীয় সমুদ্রবন্দর পায়রা ২০২৬ সালের জুলাই মাস থেকে পূর্ণাঙ্গভাবে চালু হতে যাচ্ছে। এ লক্ষ্যে পুরোদমে চলছে অবকাঠামোগত উন্নয়ন কাজ। বন্দরের প্রথম টার্মিনালের নির্মাণকাজ প্রায় শেষ পর্যায়ে, পাশাপাশি টার্মিনাল সংযোগ সড়ক ও সেতু নির্মাণ শেষ হলেই আনুষ্ঠানিকভাবে অপারেশন শুরু হবে।
বুধবার (২৫ জুন) সকাল সাড়ে ১০টায় পায়রা বন্দরের টার্মিনাল পরিচালনা ভবনে অনুষ্ঠিত এক মতবিনিময় সভায় এসব তথ্য জানান, পায়রা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মাসুদ ইকবাল।
তিনি বলেন, ‘সীমাবদ্ধতা সত্ত্বেও এখন পর্যন্ত বন্দরে ৫২৯টি বৈদেশিক ও ৩৪২৬টি দেশীয় জাহাজ হ্যান্ডল করা হয়েছে। এর মাধ্যমে সরকার রাজস্ব আয় করেছে প্রায় ২ হাজার ৭৯ কোটি টাকা।’
সভায় তিনি আরও জানান, ফরিদপুরের ভাঙ্গা থেকে কুয়াকাটা পর্যন্ত মহাসড়ককে ছয় লেনে উন্নীত করার কাজ দ্রুতই শুরু হবে। পায়রা বন্দরের ওপর নির্ভর করে গড়ে উঠছে শিল্প-অবকাঠামোও। এর মধ্যে রয়েছে দুটি তাপ বিদ্যুৎ কেন্দ্র, পটুয়াখালী ইপিজেড, বন্দরের নিজস্ব শিল্পাঞ্চল এবং আরও কিছু বিদেশি বিনিয়োগপ্রত্যাশী প্রতিষ্ঠান।
চেয়ারম্যান মাসুদ ইকবাল বলেন, পায়রা বন্দর শুধু দক্ষিণাঞ্চল নয়, গোটা দেশের অর্থনীতিতে নতুন প্রাণসঞ্চার করবে। কর্মসংস্থানের বিশাল সুযোগ তৈরি হবে। এই সম্ভাবনাকে বাস্তবায়ন করতে সবাইকে এগিয়ে আসতে হবে।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন