বরিশালের বাবুগঞ্জ উপজেলার মাধবপাশা ব্রিজ থেকে বাদলা মুশুরিয়া ১ ও ২ নম্বর ওয়ার্ডের মাদ্রাসা পর্যন্ত সাড়ে ৪ কিলোমিটার রাস্তা দীর্ঘ ২৫ বছর ধরে সংস্কারহীন রয়েছে। ইট সলিং করা এই সড়কটি ভেঙে গর্ত-খানাখন্দে পরিণত হয়ে মরণফাঁদে রূপ নিয়েছে।
এই ওয়ার্ডগুলোতে একটি প্রাথমিক বিদ্যালয় ও একটি সিনিয়র আলিয়া মাদ্রাসা থাকলেও বেহাল সড়কের কারণে ছোট ছোট ছেলে-মেয়েরা পাঠশালায় যেতে পারেন না।
পাশাপাশি সড়কের অবনতি ও দুর্গমতার কারণে অসুস্থ রোগীকে সময়মতো হাসপাতালে নেওয়া সম্ভব হচ্ছেনা, মুমূর্ষু রোগীরা রাস্তাতেই মারা যাচ্ছেন বলে স্থানীয়রা অভিযোগ করেছেন।
রাস্তাটির কার্পেটিং করে সংস্কারের দাবিতে স্থানীয়রা বুধবার উপজেলা পরিষদের সামনে মানববন্ধন করেছেন এবং উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) ফারুক আহমেদের কাছে একটি স্মারকলিপি প্রদান করেন।
মানববন্ধন কর্মসূচির সভাপতিত্ব করেন মাধবপাশা ইউপি সদস্য রেখা বেগম। এতে বক্তব্য রাখেন মান্নান হাওলাদার, জাকির তালুকদার, পলাশ হাওলাদার, কবির খান, রিয়াজ হোসেন, ফরিদ মাঝি, সবুজ ফরাজি, এনায়েত খান, সুমন হাওলাদার, জামাল খান, মামুন হাওলাদার, নজরুল খান, এরশাদ ইমাম প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন