নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিষাক্ত সাপের কামড়ে শাকিল (২৬) নামের এক অটোচালকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৬ জুন) রাতে সোনারগাঁ উপজেলার রুপনগর এলাকায় এ ঘটনা ঘটে।
পরিবারের সদস্য ও স্থানীয়দের ভাষ্য, প্রতিদিনের মতো কাজ শেষে রাত আটটার দিকে বাড়ি ফিরছিলেন শাকিল। বাড়ির কাছাকাছি পৌঁছালে পাশের একটি ঝোপ থেকে বেরিয়ে আসা সাপ হঠাৎ তাঁর পায়ে ছোবল দেয়।
কামড়ের বিষয়টি টের পেয়ে সঙ্গে সঙ্গে পায়ে রশি দিয়ে বাঁধা হয়। পরে এক স্থানীয় কবিরাজের পরামর্শে সেই বাঁধ খুলে দেওয়া হয়। কিছুক্ষণের মধ্যেই বিষ সারা শরীরে ছড়িয়ে পড়ে। শুরু হয় জ্বালা-পোড়া ও ছটফটানি।
অবস্থার অবনতি হলে স্থানীয় যুবক ও পরিবারের সদস্যরা শাকিলকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান। সেখানে রাত দেড়টার দিকে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
স্থানীয়রা জানান, এলাকায় সাপে কাটার পর চিকিৎসা না নিয়ে কবিরাজের দ্বারস্থ হওয়ার প্রবণতা এখনও আছে, যার ফলে অনেক সময় বিপদ আরও বেড়ে যায়।
বিআরইউ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন