পিরোজপুরে স্থানীয় সাংবাদিকদের বিরুদ্ধে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে মিথ্যা ও বিভ্রান্তিকর তথ্য প্রচারের অভিযোগে খান শহীদ ওরফে ডলার শহীদকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শুক্রবার বিকেলে পিরোজপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদের দায়ের করা অভিযোগের ভিত্তিতে পিরোজপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের একটি দল তাকে গ্রেপ্তার করে।
খান শহীদ (৫৫) পিরোজপুর পৌরসভার মসিদবাড়ী সড়কের বাসিন্দা এবং মজিবুল হক খানের ছেলে।
অভিযোগ সূত্রে জানা গেছে, চলতি বছরের ১২ এপ্রিল ‘পিরোজপুর সত্য বাণী’ নামের একটি ফেসবুক আইডি থেকে প্রেসক্লাবের সাধারণ সম্পাদক এস এম তানভীর আহমেদসহ তিন সাংবাদিকের নাম ও আরও কয়েকজন সাংবাদিকের ছবি দিয়ে ভিত্তিহীন, অসত্য ও মানহানিকর তথ্য প্রচার করা হয়। পোস্টটি দ্রুত স্থানীয় বেশ কয়েকটি ফেসবুক গ্রুপে ছড়িয়ে পড়ে, যা সাংবাদিক মহলে ক্ষোভের সৃষ্টি করে।
বিষয়টি তদন্তে গেলে তথ্যপ্রযুক্তির সহায়তায় শহীদের সম্পৃক্ততা শনাক্ত করে পুলিশ। পরে তাকে আইনি প্রক্রিয়ার মাধ্যমে গ্রেপ্তার করা হয়।
পিরোজপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) মো. তরিকুল ইসলাম জানান, সাইবার সুরক্ষা অধ্যাদেশ ২০২৫-এর আওতায় শহীদের বিরুদ্ধে দায়ের হওয়া মামলায় তাকে গ্রেপ্তার করা হয়েছে। প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন