রাজবাড়ীর দৌলতদিয়া পদ্মা নদীতে আজ শনিবার বিকেলে ৫০ কেজি ওজনের বিশাল এক বাঘাইড় মাছ ধরা পড়েছে। মাছটি স্থানীয় বাজারে আনা হলে গোটা এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
স্থানীয় জেলে ছিদ্দিক হালদার ও তার সঙ্গীরা দৌলতদিয়া প্রান্তে জাল ফেলেছিলেন। দীর্ঘ সময় অপেক্ষার পর হঠাৎ জালে প্রচণ্ড ধাক্কা অনুভব করলে তারা জাল তোলেন এবং চোখে পড়ে বিশালাকৃতির বাঘাইড় মাছটি। মাছটি দৌলতদিয়া বাজারে এনে রেজাউলের আড়তে উন্মুক্ত নিলামে তোলা হয়। প্রতি কেজি ১,৫৫০ টাকায় মাছটি স্থানীয় ব্যবসায়ী মো. চান্দু মোল্লা ৭৭,৫০০ টাকায় ক্রয় করেন।
চান্দু মোল্লা বলেন, “পদ্মার বড় বাঘাইড়ের কদর সবসময়ই বেশি। এসব মাছ ঢাকার অভিজাত হোটেল, রেস্তোরাঁ ও প্রবাসীদের মধ্যে বেশ জনপ্রিয়। আমি মাছটি প্রতি কেজি ১০০ টাকা লাভে বিক্রি করার পরিকল্পনা করছি এবং দেশ-বিদেশের বিভিন্ন ক্রেতার সঙ্গে যোগাযোগ শুরু করেছি।”
জেলে ছিদ্দিক হালদার জানান, “অনেক বছর ধরে পদ্মায় মাছ ধরছি, কিন্তু এত বড় বাঘাইড় মাছ জীবনে প্রথমবার ধরলাম। জাল টানতেই বুঝেছিলাম কিছু বড় মাছ পড়েছে, কিন্তু মাছটি তোলার পর আল্লাহর কাছে শুকরিয়া আদায় করেছি। ভালো দামে বিক্রি হওয়ায় পরিবার-পরিজনের মুখে হাসি ফুটেছে। এই এক মাছেই অনেক দিনের কষ্ট সার্থক মনে হচ্ছে।”
গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আনোয়ারুল ইসলাম পাইলট বলেন, “পদ্মা নদীর মাছের স্বাদ, গুণগত মান ও বিশুদ্ধতা সবসময়ই আলাদা। এত বড় বাঘাইড় মাছ ধরা এখন খুবই দুর্লভ। এরকম মাছ শুধু বাজারে চমকই আনে না, জীববৈচিত্র্য রক্ষায় আমাদের সচেতন করতেও সাহায্য করে।”
স্থানীয়রা জানান, বিরল এ মাছটি দেখতে দৌলতদিয়া মাছ বাজারে ভিড় জমেছে। অনেকে ছবি ও ভিডিও তুলে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছেন। বিশালাকার এই বাগাইড় মাছ গোয়ালন্দবাসীর মধ্যে এক অনন্য আনন্দ ও গর্বের অনুভূতি সৃষ্টি করেছে। তারা আরো জানান, গত পাঁচ বছরেও এত বড় মাছ তারা দেখেননি।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন