রাঙামাটির কাপ্তাইয়ে বাংলাদেশ সুইডেন পলিটেকনিক ইনস্টিটিউট (বিএসপিআই) সংলগ্ন মসজিদের পাশে অবস্থিত পরিত্যক্ত সাতটি দোকানে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।
আগুনে দোকানগুলোর অধিকাংশ আসবাবপত্র পুড়ে গেলেও স্থানীয়দের দ্রুত তৎপরতায় কিছু মালামাল রক্ষা করা সম্ভব হয়েছে।
সোমবার বেলা সাড়ে ১২টার দিকে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয় বলে জানিয়েছেন কাপ্তাই ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন কর্মকর্তা মো. শাহাদাত হোসেন।
তিনি জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে কাপ্তাই ফায়ার সার্ভিস এবং নৌবাহিনীর দমকল কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত অভিযান চালিয়ে দুপুর ১টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনেন। এর আগে স্থানীয় বাসিন্দা ও বিএসপিআই-এর শিক্ষার্থীরা আগুন নেভাতে চেষ্টা করেন।
ক্ষতিগ্রস্ত দোকানদার ইউসুফ ও জাহাঙ্গীর জানান, দীর্ঘদিন ধরে বন্ধ থাকা দোকানগুলোর আসবাবপত্রসহ প্রায় তিন লাখ টাকার ক্ষতি হয়েছে।
বিএসপিআইর অধ্যক্ষ রূপক কান্তি বিশ্বাস বলেন, “আমাদের ইনস্টিটিউটের বাউন্ডারি সংলগ্ন সাতটি দোকানে আগুন লেগেছে। তবে গত এক বছর ধরে দোকানগুলো বন্ধ ছিল।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন