মোটরসাইকেলের টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা

আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: জুলাই ৪, ২০২৫, ০৬:৩৫ পিএম
মোটরসাইকেলের টাকা না পেয়ে বাবাকে পিটিয়ে হত্যা

নারায়ণগঞ্জের আড়াইহাজার উপজেলায় মোটরসাইকেল কেনার জন্য টাকা চেয়ে না পেয়ে নিজের বাবাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে হত্যা করেছে ছেলে।

শুক্রবার সকালে উপজেলার বিশনন্দী ইউনিয়নের পূর্বপাড়া গ্রামে এ মর্মান্তিক ঘটনা ঘটে। নিহত ব্যক্তির নাম মো. মাহবুব (৪২)। 

তিনি পেশায় কৃষিকাজ করতেন। ঘটনার পর থেকেই অভিযুক্ত ছেলে মো. ইয়াসিন (২২) পলাতক রয়েছে।

স্থানীয়রা জানান, সকালে ইয়াসিন তার বাবার কাছে মোটরসাইকেল কেনার জন্য টাকা দাবি করে। কিন্তু মাহবুব টাকা দিতে অস্বীকৃতি জানালে দুজনের মধ্যে তর্কাতর্কি হয়। একপর্যায়ে উত্তেজিত হয়ে ইয়াসিন হাতুড়ি দিয়ে বাবার মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে এলোপাতাড়ি আঘাত করে। গুরুতর আহত অবস্থায় মাহবুবকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

নিহতের পরিবার ও প্রতিবেশীরা জানান, অভিযুক্ত ইয়াসিন দীর্ঘদিন ধরে মাদকাসক্ত ছিল। পাশাপাশি তার মানসিক ভারসাম্যহীনতাও ছিল, এবং বেশ কিছুদিন ধরে চিকিৎসাধীন ছিল।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার নাসির উদ্দিন বলেন, “পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছে। প্রাথমিক তদন্তে জানা গেছে, মোটরসাইকেলের টাকা না দেওয়ায় ছেলে বাবাকে হত্যা করেছে। অভিযুক্ত ইয়াসিনকে গ্রেপ্তারে অভিযান চলছে।”

এ ঘটনায় এলাকায় চরম শোক ও চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ বলছে, বিস্তারিত তদন্তের মাধ্যমে ঘটনার সব দিক খতিয়ে দেখা হবে।

ইএইচ