রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার দৌলতদিয়ায় ফেলে যাওয়া একটি প্রাইভেটকার থেকে ৫৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে গোয়ালন্দঘাট থানা পুলিশ।
বুধবার ভোররাত সোয়া ৩টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালনা করেন গোয়ালন্দঘাট থানার উপপরিদর্শক (এসআই) মো. আব্বাস উদ্দিন সঙ্গীয় ফোর্সসহ।
পুলিশ জানায়, দৌলতদিয়ার বাংলাদেশ হ্যাচারিজ এলাকার ঢাকা-খুলনা মহাসড়কে চেকপোস্ট বসিয়ে তল্লাশির সময় একটি সাদা রঙের প্রাইভেটকারকে থামার সংকেত দেওয়া হয়। কিন্তু গাড়ির চালক তা উপেক্ষা করে দ্রুত গতিতে বাসটার্মিনালের দিকে পালিয়ে যায়।
পরে পুলিশ গাড়িটিকে অনুসরণ করে দৌলতদিয়া বাসটার্মিনালের মাইক্রোস্ট্যান্ড এলাকায় পৌঁছায়। সেখানে গাড়িটি ফেলে পালিয়ে যায় মাদক কারবারিরা। তল্লাশি চালিয়ে গাড়ির ভেতর থেকে ৫৪০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।
এ বিষয়ে গোয়ালন্দঘাট থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. রাকিবুল ইসলাম জানান, “পুলিশের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারিরা গাড়িটি ফেলে পালিয়ে যায়। গাড়িটির মালিকানা শনাক্তের চেষ্টা চলছে। এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন