"প্রযুক্তি নির্ভর যুবশক্তি, বহুপাক্ষিক অংশীদারিত্বে অগ্রগতি"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে খাগড়াছড়ির মাটিরাঙ্গায় জাতীয় ও আন্তর্জাতিক যুব দিবস উদযাপন করা হয়েছে। দিনব্যাপী কর্মসূচির মধ্যে ছিল যুব র্যালি, শপথ বাক্য পাঠ, আলোচনা সভা, বৃক্ষরোপণ, সনদপত্র ও যুবঋণ বিতরণ।
মঙ্গলবার সকালে উপজেলা প্রশাসন ও যুব উন্নয়ন অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বরে একটি বর্ণাঢ্য র্যালি বের হয়।
র্যালিটি পৌর শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়।

পরে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা শেখ আশরাফ উদ্দিন।
প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নবাগত মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা। তিনি শপথ বাক্য পাঠ করান এবং উপজেলা প্রাঙ্গণে একটি নিমগাছের চারা রোপণের মাধ্যমে কর্মসূচির উদ্বোধন করেন।

এ সময় উপস্থিত ছিলেন- মাটিরাঙ্গা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) খাদিজা তাহিরা, মহিলা বিষয়ক কর্মকর্তা ওবায়দুল হক, থানা প্রতিনিধি এসআই রফিকুল ইসলাম, নবান্ন ক্রীড়া কল্যাণ সমিতির সভাপতি আবদুর রহমান, স্বপ্নছোঁয়া সমিতির সভাপতি আব্দুল মালেক, যুব রেড ক্রিসেন্টের জাহানারা আক্তার প্রমুখ।
অনুষ্ঠানে পোলট্রি প্রকল্পে সফল উদ্যোক্তা আদনান কায়ছার সাইফুলকে ৭৫ হাজার টাকা, মৎস্য প্রকল্পে জেসমিন আক্তারকে ১ লাখ টাকা ঋণ প্রদান করা হয়। এছাড়া হাঁস-মুরগি পালন, মৎস্য ও গবাদি পশুপালনে প্রশিক্ষণপ্রাপ্ত ৬০ জন যুবকের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে নার্গিস সুলতানা বলেন, “১৯৭১ সালের মুক্তিযুদ্ধে যুবকরাই অগ্রণী ভূমিকা রেখেছিল। দেশের অনিয়ম ও দুর্নীতি রোধে যুব সমাজ সচেতন হলে একটি দুর্নীতিমুক্ত দেশ গড়া সম্ভব। চাকরির পেছনে না ছুটে উদ্যোক্তা হওয়ার মাধ্যমে টেকসই গ্রামীণ অর্থনীতি ও আত্মনির্ভরশীলতা অর্জন সম্ভব।” তিনি প্রতিটি গ্রামে যুব ক্লাব গঠন করে এলাকার উন্নয়ন সম্ভাবনা কাজে লাগানোর আহ্বান জানান এবং সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।
আলোচনা সভা শেষে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা নার্গিস সুলতানা প্রশিক্ষিত যুবকদের মাঝে যুবঋণ ও সনদপত্র বিতরণ করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন