চট্টগ্রামের কর্ণফুলীতে পুলিশের উপর হামলাসহ একাধিক মামলার আসামি চিহ্নিত সন্ত্রাসী নুরুল আমিন ওরফে টিটু (৩৫) অবশেষে পুলিশের হাতে ধরা পড়েছে।
বুধবার দুপুরে উপজেলার শিকলবাহা জামালপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে কর্ণফুলী থানা পুলিশ।
কর্ণফুলী থানার অফিসার ইনচার্জ (ওসি) মুহাম্মদ শরীফ বলেন, “পুলিশের উপর হামলার ঘটনায় এজাহারভুক্ত আসামি টিটুকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে মোট ৫টি মামলা রয়েছে। সে এলাকায় চিহ্নিত সন্ত্রাসী। তাকে আইনগত প্রক্রিয়া শেষে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হবে।”
কর্ণফুলী থানা সূত্রে জানা যায়, পুলিশের উপর হামলার মামলার পাশাপাশি টিটুর বিরুদ্ধে কর্ণফুলী থানায় মাদক আইনে ২টি, চাঁদাবাজির ১টি এবং কোতোয়ালি থানায় মাদক আইনে আরও ১টি মামলা রয়েছে।
উল্লেখ্য, গত ১৭ মে গভীর রাতে শিকলবাহা কলেজ বাজার জামালপাড়ায় পুলিশের অভিযানে দুষ্কৃতকারীরা অতর্কিত হামলা চালায়। এ ঘটনায় কর্ণফুলী থানার ওসি ও শিকলবাহা পুলিশ ফাঁড়ির ইনচার্জ গুরুতর আহত হন।
পরবর্তীতে গত ১৯ মে থানায় ১০ জনের নাম উল্লেখ করে মামলা দায়ের করা হয়, যার এজাহারভুক্ত আসামি ছিল টিটু।
গ্রেপ্তার টিটু কর্ণফুলী উপজেলার শিকলবাহা ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বর্ষা বাপের বাড়ির নুরুল ইসলামের পুত্র।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন