বাঘাইছড়িতে মোবাইল নেটওয়ার্ক ভোগান্তিতে স্থানীয়রা

বাঘাইছড়ি (রাঙামাটি) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২১, ২০২৫, ০৬:৩৫ পিএম
বাঘাইছড়িতে মোবাইল নেটওয়ার্ক ভোগান্তিতে স্থানীয়রা

দীর্ঘদিন ধরে রাঙামাটির বাঘাইছড়ি উপজেলায় মোবাইল নেটওয়ার্কের সেবা অত্যন্ত দুর্বল হওয়ায় স্থানীয়রা চরম ভোগান্তিতে পড়েছেন। কল ড্রপ, ইন্টারনেটের ধীরগতি এবং বারবার নেটওয়ার্ক বিচ্ছিন্ন হওয়ায় শিক্ষার্থী, ব্যবসায়ী ও সরকারি-বেসরকারি চাকরিজীবীদের দৈনন্দিন কাজকর্ম ব্যাহত হচ্ছে।

বাঘাইছড়ির বিভিন্ন এলাকা, বিশেষ করে দুর্গম ও প্রত্যন্ত অঞ্চলে টেলিটক, রবি ও এয়ারটেলের নেটওয়ার্ক প্রায়ই দুর্বল থাকে। 

স্থানীয়দের অভিযোগ, গুরুত্বপূর্ণ এলাকাতেও নেটওয়ার্কের সমস্যা প্রকট, ফলে মোবাইলে কথা বলা বা ইন্টারনেট ব্যবহার করা অনেকটাই দুষ্কর হয়ে দাঁড়িয়েছে। এ নিয়ে স্থানীয়রা সোশ্যাল মিডিয়া এবং বিভিন্ন মাধ্যমে ক্ষোভ প্রকাশ করছেন।

স্থানীয় ব্যবসায়ী রাকিব বলেন, “নেটওয়ার্ক ত্রুটির কারণে অধিকাংশ সময় টাকা লেনদেন করতে সমস্যা হয়। এতে ব্যবসায় ক্ষতি হচ্ছে এবং সাধারণ মানুষও সেবা পাচ্ছে না। বর্তমানে মানুষ বিকাশ বা নগদে নিয়মিত লেনদেন করে, তাই নেটওয়ার্ক থাকা অত্যন্ত জরুরি।”

স্থায়ী বাসিন্দা জীবন দে বলেন, “একদিকে নেটওয়ার্ক সমস্যা, অন্যদিকে বিদ্যুৎ না থাকলে নেট পুরোপুরি চলে যায়। সিম টু সিম কলের মাধ্যমেও কথা বলা যায় না। দীর্ঘদিন ধরে এই সমস্যা রয়েছে, কিন্তু কোনো সমাধান দেখা যায়নি।”

বাঘাইছড়ি প্রেসক্লাবের সভাপতি সাংবাদিক আব্দুল মাবুদ বলেন, “নেটওয়ার্ক এখন বিলাসিতা নয়, এটি মানুষের দৈনন্দিন প্রয়োজন। জরুরি অবস্থায় যোগাযোগ ব্যাহত হওয়া, বিশেষ করে রোগীর চিকিৎসা বা সেবা দেয়ার ক্ষেত্রে খুবই বেদনাদায়ক। টেলিটক, রবি ও এয়ারটেলের স্থানীয় প্রতিনিধিরা সমস্যা সমাধানের আশ্বাস দেয়, কিন্তু কার্যকর সমাধান হয়নি। সম্প্রতি পার্বত্য অঞ্চলে টাওয়ারের লাইন কেটে দেওয়া ও টাওয়ার টেকনিশিয়ান অপহরণের ঘটনাও সমস্যাকে আরও জটিল করেছে।”

এর আগে বিভিন্ন সময় বাঘাইছড়িতে নেটওয়ার্ক সমস্যা নিয়ে অভিযোগ করা হয়েছে এবং গণমাধ্যমে প্রতিবেদন প্রকাশিত হলেও বাস্তব সমাধান হয়নি। স্থানীয়রা দ্রুত নেটওয়ার্ক সমস্যার সমাধান এবং উন্নত সেবা প্রদানের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও সরকারের দৃষ্টি আকর্ষণ করেছেন।

খাগড়াছড়িতে টেলিটক কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে তারা জানান, নেটওয়ার্ক ঠিক আছে এবং আরও উন্নত সেবা প্রদানের জন্য কাজ চলছে। অন্যদিকে রবি ও এয়ারটেল কর্তৃপক্ষ জানান, কিছু আভ্যন্তরীণ জটিলতার কারণে সেবা ঠিকমতো দিতে পারছি না, তবে উর্ধতন কতৃপক্ষ ইতিমধ্যে বিষয়টি নিয়ে কাজ করছে এবং দ্রুত সমস্যার সমাধান আশা করা যাচ্ছে।

ইএইচ