রাসিক প্রশাসক

নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে

রাকিবুল হাসান, রাজশাহী প্রকাশিত: জুলাই ২০, ২০২৬, ০৫:৩১ পিএম
নাগরিকদের মতামতের ভিত্তিতে আগামীর উন্নয়ন কাজ বাস্তবায়ন করা হবে

বিশ্বব্যাংকের অর্থায়নে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) ‘রিজিলিয়েন্ট আরবান অ্যান্ড টেরিটোরিয়াল ডেভেলপমেন্ট প্রজেক্ট’ (আরইউটিডিপি)-এর আওতায় টাউন লেভেল কো-অর্ডিনেশন কমিটির (টিএলসিসি) সভা অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার (২০ জুলাই) নগর ভবনের সরিৎ দত্তগুপ্ত সভাকক্ষে এই সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন রাজশাহী সিটি করপোরেশনের প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন।

সভায় রাসিক প্রশাসক বলেন, ‘মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাকে রাজশাহী নগরীর উন্নয়ন ও নাগরিক সেবা সুনিশ্চিত করার দায়িত্ব দিয়েছেন। এই নগরীর উন্নয়নে সব শ্রেণি-পেশার নাগরিকদের মতামত নিয়ে আগামীর সব উন্নয়ন কাজ বাস্তবায়ন করতে চাই।’

তিনি আরও জানান, নগরীর অবকাঠামো উন্নয়ন, পরিচ্ছন্নতা, ড্রেন পরিষ্কার, সবুজায়নে বৃক্ষরোপণসহ বিভিন্ন কাজ বাস্তবায়নে কর্মকর্তা-কর্মচারীরা নিরলসভাবে কাজ করে যাচ্ছেন।

প্রশাসক মো. মাহফুজুর রহমান রিটন তাঁর বক্তব্যে নগরীর বেশ কিছু মেগা প্রকল্পের কথা তুলে ধরেন। তিনি বলেন, সোনাদিঘী মসজিদের সম্প্রসারণ, কেন্দ্রীয় উদ্যান ও শহীদ জিয়া শিশু পার্কের উন্নয়ন, গুলগোফুর পেট্রোল পাম্প হতে সাহেববাজার রাস্তার উন্নয়ন করা হবে। এছাড়া রেলগেট বর্ণালী, তালাইমারী মোড় ও নওদাপাড়া আমচত্বরসহ নগরীর ব্যস্ততম মোড়গুলোকে প্রশস্ত ও আধুনিকায়ন করা হবে। নাগরিক সেবা গতিশীল করতে সব সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সঙ্গে সমন্বয় সভার মাধ্যমে মাঠপর্যায়ের সমস্যা চিহ্নিত করে নতুন প্রকল্প গ্রহণ করা হবে এবং এ কাজে তিনি নগরবাসীর সহযোগিতা কামনা করেন।

সভায় আরইউটিডিপি প্রকল্পের সার্বিক কার্যক্রমের তথ্য উপস্থাপন করেন রাসিকের ভারপ্রাপ্ত তত্ত্বাবধায়ক প্রকৌশলী আহমদ আল মঈন পরাগ। রাসিকের নগর পরিকল্পনাবিদ বনি আহসানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় কমিটির সদস্যরা রাজশাহী মহানগরীর উন্নয়নে বিভিন্ন মতামত ব্যক্ত করেন এবং রাসিক প্রশাসকের পদক্ষেপের প্রশংসা করেন।

উন্মুক্ত আলোচনা পর্বে বক্তব্য রাখেন রাসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা মো. রেজাউল করিম, টিএলসিসি কমিটির সদস্য বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম খোকা, রাজশাহী চেম্বারের ভাইস প্রেসিডেন্ট জিয়াউদ্দিন আহমেদ, শিক্ষা বোর্ডের সাবেক চেয়ারম্যান শিরিন সুফিয়া খানম, পূজা উদযাপন ফ্রন্টের কেন্দ্রীয় সিনিয়র সহ-সভাপতি দেবাশিষ রায় মধু, সাংবাদিক রেজাউল করিম রাজু, আব্দুস সবুর, সোহেল মাহাবুব, আইনজীবী দিলসেতারা চুনি এবং সাংবাদিক মঞ্জুয়ারা খাতুন।

এছাড়াও সভায় উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. মো. হাবিবুর রহমান, পরিবেশ অধিদপ্তরের উপপরিচালক তাছমিনা খাতুন, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. মাহবুবুল আলম চৌধুরী, গণপূর্তের সহকারী প্রকৌশলী মো. ছাইদুজ্জামান, বিটিসিএলের উপসহকারী প্রকৌশলী জিয়াউল ইসলাম, আইইবির সেক্রেটারি প্রফেসর মো. রবিউল ইসলাম সরকার, রাসিকের সচিব মো. সোহেল রানা, তত্ত্বাবধায়ক প্রকৌশলী খায়রুল বাকের, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. এফএএম আঞ্জুমান আরা বেগম, প্রধান রাজস্ব কর্মকর্তা আবু সালেহ মো. নূর-ঈ সাঈদ, বাজেট কাম হিসাবরক্ষণ কর্মকর্তা মো. শফিকুল ইসলাম খান, নির্বাহী প্রকৌশলী (বিদ্যুৎ) এবিএম আসাদুজ্জামান সুইট, ব্র্যাকের জেলা সহকারী সমন্বয়ক ফারজানা পারভীন এবং কারিতাসের প্রতিনিধি আশা আগ্নেশ তপ্নসহ কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।

জেএইচআর