খাগড়াছড়ি সদর উপজেলার কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ে ছাত্রাবাস নির্মাণের ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা।
শুক্রবার বিকেলে বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে তিনি ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।
প্রধান অতিথির বক্তব্যে উপদেষ্টা সুপ্রদীপ চাকমা বলেন, পার্বত্য চট্টগ্রামের ছেলে-মেয়েরা খেলাধুলায় উল্লেখযোগ্য সাফল্য অর্জন করছে। বিশেষ করে পাহাড়ি কন্যারা তাদের দক্ষতা ও প্রতিভা দিয়ে দেশ-বিদেশে কৃতিত্বের স্বাক্ষর রাখছে, যা অত্যন্ত গর্বের বিষয়।
বলেন, দুর্গম পাহাড়ি এলাকায় সড়ক যোগাযোগ ব্যবস্থার উন্নয়নের ফলে এখন মানুষের চলাচল সহজ হয়েছে এবং উৎপাদিত পণ্য সহজে পরিবহণ করা সম্ভব হচ্ছে।
তিনি কমলছড়ি পাইলট উচ্চ বিদ্যালয়ের সংলগ্ন জরাজীর্ণ সরকারি প্রাথমিক বিদ্যালয় ভবন দ্রুত সংস্কার ও পুনর্নির্মাণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেন। শিক্ষার মানোন্নয়নে ছাত্রাবাস নির্মাণের পাশাপাশি প্রাথমিক বিদ্যালয়গুলোর অবকাঠামোগত উন্নয়নের ওপর গুরুত্ব আরোপ করেন উপদেষ্টা।
অনুষ্ঠান শেষে তিনি পার্বত্য বৌদ্ধ মিশন (পিবিএম) কমপ্লেক্স পরিদর্শন করেন। এ সময় তিনি পালি কলেজ প্রাঙ্গণ, ম্যাপল হাউস গার্লস হোস্টেল এবং অনাথালয় ভবন ঘুরে দেখেন। বর্তমানে এসব প্রতিষ্ঠানের কার্যক্রম বন্ধ রয়েছে। উপদেষ্টা এসব প্রতিষ্ঠান পুনরায় চালু করতে অনাথালয় পরিচালনা কমিটি গঠনসহ প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার জন্য খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান, সদস্য এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের সঙ্গে মতবিনিময় করেন।
সুপ্রদীপ চাকমা বলেন, সব কর্মকাণ্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করতে হবে। পাশাপাশি পার্বত্য অঞ্চলে আধুনিক ডিজিটাল শিক্ষা ব্যবস্থা চালু এবং স্থানীয় প্রাথমিক বিদ্যালয়গুলোকে ইংলিশ ভার্সনে রূপান্তরের প্রয়োজনীয়তার ওপরও তিনি গুরুত্ব দেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের (অস্থায়ী) চেয়ারম্যান শেফালিকা ত্রিপুরা, উপদেষ্টার একান্ত সচিব (উপসচিব) খন্দকার মুশফিকুর রহমান, জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা, বঙ্গমিত্র চাকমা, এডভোকেট মঞ্জিলা ঝুমা, প্রফেসর আবদুল লতিফ, শহীদুল ইসলাম সুমন, কংজপ্রু মারমা, অনিময় চাকমা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন