ইছামতি নদীতে নৌকা ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

নবাবগঞ্জ (ঢাকা) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৩, ২০২৫, ০৩:২১ পিএম
ইছামতি নদীতে নৌকা ডুবে ৭ বছরের শিশুর মৃত্যু

মুন্সিগঞ্জের সিরাজদিখান থেকে নৌকাবাইচ দেখে ফেরার পথে ইছামতি নদীতে নৌকা ডুবে যাওয়ায় ৭ বছরের শিশু রিতা পোদ্দার নিখোঁজ হয়। 

শনিবার দুপুরের দিকে ফায়ার সার্ভিসের ডুবুরিরা নদীর পাশে জঙ্গল থেকে ভাসমান লাশ উদ্ধার করে।

স্থানীয়দের তথ্য অনুযায়ী, শুক্রবার বিকেলে রিতা পরিবারের সঙ্গে সিরাজদিখানের মরিচা এলাকায় নৌকাবাইচ দেখতে যায়। বাড়ি ফেরার পথে নবাবগঞ্জ উপজেলার আগলা ইউনিয়নের পূর্বপাড়া এলাকার একটি মৎস্য খামারের কাছে সন্ধ্যায় তাদের নৌকাটি বালুভর্তি একটি বাল্কহেডের সাথে  ধাক্কা লেগে ডুবে যায়। নৌকায় থাকা ৮/১০ জন যাত্রীর মধ্যে সবাই তীরে উঠতে সক্ষম হয়, কিন্তু রিতা পানিতে পড়ে যায়। 

নিখোঁজ শিশুটি আগলা মাঝপাড়া এলাকার লিটন পোদ্দারের মেয়ে এবং স্থানীয় একটি কিন্ডারগার্টেনের প্রথম শ্রেণীর ছাত্রী। পরিবারের সদস্য এবং স্থানীয়রা রাত ১০টা পর্যন্ত তল্লাশি চালায়, তবে শিশু উদ্ধার সম্ভব হয়নি। 

শনিবার সকাল থেকে ফায়ার সার্ভিস ও স্থানীয় জেলেদের সহায়তায় পুনরায় তল্লাশি শুরু হয় এবং দুপুর সাড়ে ১২টায় শিশুটির লাশ উদ্ধার করা হয়। স্থানীয়দের ধারণা, বালু ভর্তি বাল্কহেডের ধাক্কায় মাথায় গুরুতর আঘাত লেগে তার মৃত্যু হয়েছে।

নবাবগঞ্জ থানার (ওসি) মমিনুল ইসলাম জানান, নৌকা ডুবির খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। শিশুটির লাশ উদ্ধার করা হয়েছে এবং ঘটনায় একটি অপমৃত্যুর মামলা দায়ের করা হয়েছে। বিষয়টি খুবই দুঃখজনক ভুক্তভোগী পরিবারের জন্য।

জেএইচআর