বোদায় যৌথবাহিনীর অভিযানে জরিমানা, প্রাইভেট হাসপাতাল সিলগালা

বোদা (পঞ্চগড়) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৫, ২০২৫, ০২:৪৭ পিএম
বোদায় যৌথবাহিনীর অভিযানে জরিমানা, প্রাইভেট হাসপাতাল সিলগালা

পঞ্চগড়ের বোদা উপজেলায় সেনাবাহিনী ও পুলিশের যৌথ অভিযানে একটি প্রাইভেট হাসপাতাল সিলগালা এবং একটি হোটেলে জরিমানা করা হয়েছে।

রোববার বিকাল সাড়ে ৪টা থেকে এ অভিযান পরিচালনা করা হয় পৌরসভার মডেল মসজিদ সংলগ্ন কামাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট এবং সুরমা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে।

অভিযানে নেতৃত্ব দেন বাংলাদেশ সেনাবাহিনীর বোদা ক্যাম্প কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ। 

উপস্থিত ছিলেন সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুবীর সাহা, বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদমান সাকিব, সেনাবাহিনী ও পুলিশের সদস্যরা।

এ সময় কামাল হোটেল অ্যান্ড রেস্টুরেন্টে অস্বাস্থ্যকর পরিবেশে খাবার সংরক্ষণ ও বিক্রির দায়ে ২ হাজার টাকা জরিমানা করা হয়। একইভাবে সুরমা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে প্রয়োজনীয় কাগজপত্র প্রদর্শন না করা, দায়িত্বপ্রাপ্ত চিকিৎসক ও নার্স না থাকা, মেয়াদোত্তীর্ণ ওষুধ মজুত রাখা এবং ব্যবহৃত ইনজেকশন সংরক্ষণের কারণে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। পাশাপাশি হাসপাতালটি সিলগালা করা হয়।

সহকারী কমিশনার সুবীর সাহা বলেন, “অভিযানকালে দেখা যায়, হাসপাতালটির কোনো সেবা প্রদানের উপযুক্ত পরিবেশ নেই। সেখানে কোনো চিকিৎসক বা নার্সও পাওয়া যায়নি। অনিয়মের কারণে জরিমানা করার পাশাপাশি হাসপাতালটি সিলগালা করা হয়েছে।”

বোদা সেনা ক্যাম্পের কমান্ডার লেফটেন্যান্ট ফরহাদ বলেন, “মানুষের অভিযোগের ভিত্তিতে সুরমা জেনারেল হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালানো হয়। সেখানে ব্যাপক অনিয়ম পাওয়া গেছে। ওটি থেকে মেয়াদোত্তীর্ণ ওষুধ ও ব্যবহৃত ইনজেকশন উদ্ধার করা হয়। ২০২২ সালের মেয়াদোত্তীর্ণ ওষুধও তারা ব্যবহার করছিল। সেবা দেওয়ার মতো পরিবেশ সেখানে নেই। আমাদের উদ্দেশ্য শুধু শাস্তি নয়, বরং ব্যবসায়ী ও ক্লিনিক কর্তৃপক্ষকে সচেতন করা, যাতে তারা আইন মেনে সেবা দেয় এবং জনগণ প্রতারিত না হয়।”

বোদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডা. সাদমান সাকিব বলেন, “এ ধরনের অভিযান সাধারণ মানুষকে উপকৃত করবে। হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারগুলো এখন থেকে আরও সতর্ক হবে। এতে সেবার মান বাড়বে এবং রোগীরা সঠিক চিকিৎসা পাবে।”

অভিযান চলাকালে এলাকাবাসী যৌথবাহিনীর এই উদ্যোগকে স্বাগত জানান এবং নিয়মিত এ ধরনের কার্যক্রম চালানোর আহ্বান জানান।

ইএইচ