লালমনিরহাটের কালীগঞ্জে নিষিদ্ধ ওষুধ বিক্রি ও পদবী ব্যবহার করার অপরাধে হাসিবুর রহমান (৩১) নামে এক ভুয়া চিকিৎসককে তিন মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মঙ্গলবার দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা জাকিয়া সুলতানার নেতৃত্বে চন্দ্রপুর ইউনিয়নের লতাবর এলাকায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।
দণ্ডপ্রাপ্ত ভুয়া চিকিৎসক হাসিবুর রহমান লতাবর এলাকার সামছুল হকের ছেলে।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বাংলাদেশ মেডিকেল ও ডেন্টাল কাউন্সিল (বিএমডিসি) এর অনুমোদন ব্যতীত হাসিবুর রহমান রোগীদের ব্যবস্থাপত্রে নিজের নামের আগে পদবী লিখতেন। মেডিক্যাল ও ডেন্টাল আইন ২০১০ অনুযায়ী নিষিদ্ধ ওষুধ বিক্রয় এবং ভুয়া পদবী ব্যবহারের দায়ে তাকে তিন মাসের কারাদণ্ড প্রদান করা হয়।
কালীগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট জাকিয়া সুলতানা জানান, ওই ব্যক্তি ২০২০ সাল থেকে এলাকায় রোগীদের ব্যবস্থাপত্র দিয়ে এন্টিবায়োটিক, স্যালাইনসহ বিভিন্ন চিকিৎসা প্রদান করে বহু রোগীর ক্ষতি করেছেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা উপস্থিত ছিলেন।
তিনি আরও জানান, জনস্বার্থে উপজেলা প্রশাসনের অভিযান অব্যাহত থাকবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন