ঈশ্বরগঞ্জে সেতু ভাঙায় বিএনপি নেতাকে জরিমানা

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৬, ২০২৫, ০৮:৫৫ পিএম
ঈশ্বরগঞ্জে সেতু ভাঙায় বিএনপি নেতাকে জরিমানা

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে একটি পুরনো সেতু ভেঙে মাটি ভরাট করার অভিযোগে উপজেলা বিএনপির সদস্য শেখ এমদাদুল হক মিলনকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার বিকেলে এলাকাবাসীর লিখিত অভিযোগের ভিত্তিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান উপজেলার মগটুলা ইউনিয়নের নাউরী গ্রামে আদালত পরিচালনা করেন। এ সময় ভাঙা সেতুর দ্রুত সংস্কারের নির্দেশ দেওয়া হয়।

স্থানীয়রা জানান, প্রায় অর্ধশত বছর আগে নির্মিত এই সেতুটি নাউরী, ইকরিয়া কান্দা ও নয়াপাড়া সহ কয়েকটি গ্রামের শতাধিক কৃষকের জমির পানি নিষ্কাশন করার জন্য ব্যবহার করা হতো। সেতুটি ভেঙে ফেলার ফলে এলাকায় জলাবদ্ধতার সম্ভাবনা তৈরি হয়েছে।

উপজেলা প্রকৌশলী মো. মোজ্জাম্মেল হোসেন জানান, তিনি সেতু ভাঙার বিষয়টি শুনে সেখানে অফিসের সিইও নাঈম সাহেবকে পাঠিয়েছেন। ব্যক্তিগত মালিকাধীন জায়গায় মাটি ভরাটের বিষয়ে তার সরাসরি নিয়ন্ত্রণ নেই। তবে পানিস্কাশন নিশ্চিত করে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা রহমান বলেন, লিখিত অভিযোগের ভিত্তিতে ঘটনাস্থলে গিয়ে সত্যতা যাচাই করা হয়েছে। ভাঙা অংশ পুনরায় মেরামত করতে বলা হয়েছে এবং স্থানীয় সরকার (ইউনিয়ন পরিষদ) আইনের আওতায় ১৫ হাজার টাকা জরিমানা প্রদান ও আদায় করা হয়েছে।

ইএইচ