বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতাল (শেবাচিম) চিকিৎসা সেবার মানোন্নয়নে বিগত আট মাসে উল্লেখযোগ্য পদক্ষেপ গ্রহণ করেছে।
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মশিউল মুনীর বুধবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।
স্বল্প, মধ্য ও দীর্ঘ মেয়াদী কর্মপরিকল্পনার মাধ্যমে ধারাবাহিকভাবে রোগীদের চিকিৎসা সেবার মান বাড়ানোর কার্যক্রম চলমান রয়েছে। তিনি হাসপাতালের বর্তমান অবস্থা, বাস্তবায়িত উদ্যোগ ও ভবিষ্যৎ পরিকল্পনার বিস্তারিত তুলে ধরেন।
শেবাচিম বরিশালসহ আশপাশের ১০টিরও বেশি জেলার প্রায় দেড় কোটি মানুষের চিকিৎসার ভরসাস্থল। ২০১৩ সালে হাসপাতালটি ১০০০ শয্যায় উন্নীত হলেও অবকাঠামো ও জনবল এখনও ৫০০ শয্যাপ্রতিবেশী। প্রতিদিন ৩,০০০-এর বেশি রোগীকে চিকিৎসা দিতে গিয়ে সীমাবদ্ধতা দেখা দেয়।
গত ৮ মাসে সেবার মানোন্নয়নে নেওয়া পদক্ষেপের মধ্যে উল্লেখযোগ্য—
- ডায়ালাইসিস মেশিন ১০ থেকে ২০টি করা, আরও ৫টি ক্রয় প্রক্রিয়াধীন
- অধিকাংশ প্যাথলজি ও রেডিওলজি পরীক্ষা হাসপাতালেই করা
- সিটি স্ক্যান পুনরায় চালু, এন্ডোসকপি, ইউরোলজি, নিউরো সার্জারিসহ নিয়মিত অপারেশন চালু
- ৯৫টি অকেজো চিকিৎসা যন্ত্র সচল করা
- মেডিসিন বিভাগ নতুন ভবনে স্থানান্তর
- দর্শনার্থী নিয়ন্ত্রণে কার্ড ব্যবস্থা চালু
- সরকারি অ্যাম্বুলেন্স সংখ্যা বৃদ্ধি, অ্যাম্বুলেন্স সিন্ডিকেট বন্ধ
- পরিচ্ছন্নতায় ৯০ জন কর্মী নিয়োগ, ৮টি স্বয়ংক্রিয় মেঝে পরিষ্কারের মেশিন চালু, আরও ৭টি আসছে সেপ্টেম্বরে
- পানীয় জলের ব্যবস্থাও উন্নত করা হয়েছে
নতুন ওটি চালু করা হয়েছে, সেখানে নিউরো সার্জারি হচ্ছে; মানসিক বিভাগ চালু; নতুন ১০০টি বেড সংযোজন ও কেবিন আধুনিকায়নের কাজ চলছে। রোগী হয়রানি রোধে দালাল, হকার ও বহিরাগতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।
মধ্যমেয়াদি পরিকল্পনায় রয়েছে—৩,২০০ নার্স ও ৩,০০০ চিকিৎসক নিয়োগ, অধ্যাপক ও সহযোগী অধ্যাপক পদে পদোন্নতি, শিশু ওয়ার্ড স্থানান্তর, ৫০ বেডের নতুন আইসিইউ, এমআরআই ও ক্যাথল্যাব স্থাপন।
দীর্ঘমেয়াদি পরিকল্পনায় হাসপাতালকে ৩,০০০ শয্যায় উন্নীত করা, পুরাতন ভবন ২০ তলা করা, নতুন ভবনগুলো উঁচু করা, রেফার্ড পদ্ধতি ছাড়া রোগী ভর্তি না করা ও জনবল নিয়োগ নিশ্চিত করা।
পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল মুনীর বলেন, “আমাদের লক্ষ্য সকলের জন্য মানসম্মত চিকিৎসা নিশ্চিত করা। হাসপাতালের সক্ষমতা বৃদ্ধিতে আমরা কাজ করছি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের সহযোগিতায় পরিকল্পনাগুলো বাস্তবায়িত হবে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন