চট্টগ্রামের আনোয়ারার পারকি সমুদ্র সৈকতে নির্মাণাধীন পর্যটন কমপ্লেক্সের কাজ চলতি বছরের ডিসেম্বরের মধ্যে শেষ হবে বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য, বস্ত্র ও পাট এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের উপদেষ্টা শেখ বশির উদ্দীন।
বুধবার সকাল ১১টায় পারকি সমুদ্র সৈকত এবং সেখানে চলমান উন্নয়ন প্রকল্প ‘পারকিতে পর্যটন সুবিধাদি প্রবর্তন (২য় সংশোধিত)’ পরিদর্শন শেষে তিনি সাংবাদিকদের এ তথ্য জানান।
শেখ বশির উদ্দীন বলেন, “পানি সমস্যাসহ নানা কারণে এ প্রকল্পের কাজে ধীরগতি দেখা দিয়েছিল। তবে ঠিকাদারি প্রতিষ্ঠান ও প্রকল্প পরিচালকের সঙ্গে আলাপের পর তারা আমাকে আশ্বস্ত করেছেন— ডিসেম্বরের মধ্যেই সব ধরনের অবকাঠামোগত কাজ শেষ হবে।”
কাজের মান নিয়ে প্রশ্নের জবাবে তিনি বলেন, কোনো অনিয়ম হলে তা তদন্ত করে দেখা হবে। সৈকতের সৌন্দর্য ও ঝাউগাছ রক্ষায় রক্ষা বাঁধ নির্মাণকেও অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
এ সময় বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের সচিব বেগম নাসরীন জাহান বলেন, “পারকি সমুদ্র সৈকতের পর্যটন কমপ্লেক্স একটি সম্ভাবনাময় প্রকল্প। এর সাফল্যে স্থানীয়দের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে হবে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষায় ট্যুরিস্ট পুলিশকে আরও সক্রিয় হতে হবে।”
অনুষ্ঠানে বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান সায়েমা শাহীন সুলতানা, প্রকল্প পরিচালক মাজেদুর রহমান, আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার, সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরাসহ বিভিন্ন কর্মকর্তা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, পারকি সমুদ্র সৈকত আধুনিকায়নের লক্ষ্যে ২০১৮ সালে ১৩ দশমিক ৩৬ একর জমিতে প্রায় ৬২ কোটি টাকা ব্যয়ে পর্যটন কমপ্লেক্স নির্মাণকাজ শুরু হয়। প্রথম পর্যায়ে ২০২০ সালের নভেম্বরে কাজ শেষ হওয়ার কথা থাকলেও নির্ধারিত সময় ও বরাদ্দ বাড়িয়েও প্রকল্পের অগ্রগতি ব্যাহত হয়। পরবর্তীতে বরাদ্দ বেড়ে দাঁড়ায় ৭১ কোটি ২৫ লাখ টাকা এবং চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত মেয়াদ বাড়ানো হয়।
আনোয়ারা উপজেলা নির্বাহী কর্মকর্তা তাহমিনা আক্তার বলেন, “সরকার পারকিকে আধুনিক পর্যটন এলাকায় রূপ দিতে বদ্ধপরিকর। আমরা নিয়মিত তদারকি করছি। আশা করছি ডিসেম্বরের মধ্যেই কাজ শেষ হবে।”
পরিদর্শন শেষে উপদেষ্টা পর্যটন কমপ্লেক্স প্রাঙ্গণে বৃক্ষরোপণ করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন