বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে মারধর করে থানায় সোপর্দ

বেলকুচি (সিরাজগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৮, ২০২৫, ০৫:২০ পিএম
বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে যুবককে মারধর করে থানায় সোপর্দ

সিরাজগঞ্জের বেলকুচিতে ধর্ম অবমাননার অভিযোগে এক যুবককে মারধর করে থানায় সোপর্দের ঘটনা ঘটেছে।

বৃহস্পতিবার সকালে স্থানীয়রা যুবকের বাড়ি ঘেরাও করে তাকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে।

পরে দুপুরের দিকে হিন্দু সম্প্রদায়ের ওই যুবককে আসামি করে বেলকুচি থানায় একটি মামলা দায়ের করা হয়। পুলিশ যুবককে আদালতে হাজির করলে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার বাদী খোকন শেখ নামে এক ভ্যানচালক এজাহারে উল্লেখ করেন, “বুধবার রাতের দিকে ওই যুবক আমার ভ্যানে করে বাড়ি যাচ্ছিল। কথাবলার একপর্যায় তিনি আমাদের নবীকে নিয়ে কটূক্তি করেন। কটূক্তি শুনে আমি তাৎক্ষণিক ভ্যান থামিয়ে তাকে সতর্ক করি। পরে আমাদের শোরগোল শুনে আশেপাশের লোক ঘটনাস্থলে চলে আসে। বৃহস্পতিবার সকালে স্থানীয়দের সঙ্গে আলোচনা শেষে আমি বেলকুচি থানায় মামলা দায়ের করি।”

বেলকুচি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, “ধর্ম নিয়ে কটূক্তির ঘটনায় স্থানীয়রা যুবককে ধরে গণপিটুনি দিয়ে থানায় দিয়েছেন। তার বিরুদ্ধে মামলা হয়েছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।”

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার দুপুর থেকে ওই যুবকের বাড়িতে পুলিশ পাহারা বসানো হয়েছে।

ইএইচ