সারোয়ার তুষার

বৈষম্য দূর করতে রাজনীতিতে এনসিপির নতুন দর্শন

দাকোপ (খুলনা) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৭:০৪ পিএম
বৈষম্য দূর করতে রাজনীতিতে এনসিপির নতুন দর্শন

জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক সারোয়ার তুষার বলেছেন, গত ১৬ বছর ধরে আওয়ামী লীগ শাসনের নামে দেশকে শোষণ করেছে। গুম, খুন, লুটপাট, চাঁদাবাজি এবং ভোট ডাকাতির মাধ্যমে মানুষের অধিকার হরণ করা হয়েছে। রাষ্ট্রের প্রতিটি স্তরে বৈষম্য সৃষ্টি করে কেবল মুজিববাদীরাই সুবিধা ভোগ করেছে। সেই দুঃশাসন থেকে মুক্তি পেতে ছাত্র-জনতার নেতৃত্বে গণঅভ্যুত্থানের মাধ্যমে তাদের পতন ঘটেছে।

শুক্রবার বিকাল ৪টায় দাকোপের চালনা বিল্লালিয়া আলিম মাদ্রাসা চত্বরে এনসিপি দাকোপ উপজেলা শাখা আয়োজিত “নতুন সংবিধান” শীর্ষক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতায় তিনি বলেন, “বর্তমান সংবিধানে আশা পূরণ সম্ভব নয়। এটি বিভাজন ও বৈষম্যের সংবিধান। তাই আমরা নতুন রাজনৈতিক দর্শন নিয়ে মাঠে নামতে বাধ্য হয়েছি।”

সমাবেশে সভাপতিত্ব করেন এনসিপির খুলনা জেলা প্রধান সমন্বয়ক হাফেজ মাহমুদ হাসান ফয়জুল্লাহ।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক তানজির মাহমুদ এবং দক্ষিণাঞ্চলের যুগ্ম মুখ্য সংগঠক মোল্যা রহমাতুল্লাহ। সমাবেশের সঞ্চালনা করেন দক্ষিণাঞ্চলের সংগঠক মো. ওয়াহিদ-উজ্জামান।

অন্যান্য বক্তারা ছিলেন— খুলনা মহানগর সংগঠক ডা. মো. আব্দুল্লাহ চৌধুরী, খুলনা জেলা সংগঠক আরিফিন লিয়ন চৌধুরী, দাকোপ উপজেলা অবসর কর্মকর্তা-কর্মচারী সমিতির সভাপতি এস এম এ রশিদ, বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন খুলনা মহানগরের মূখ্য সংগঠক সাজ্জাদুল ইসলাম আজাদ, স্থানীয় সংগঠক রাহাত সরদার ও খালিদ হাসান।

সমাবেশে উপস্থিত ছিলেন জেলা ও উপজেলা শাখার নেতৃবৃন্দসহ বিপুলসংখ্যক সাধারণ মানুষ।

ইএইচ