অধ্যাপক মতিয়ার রহমান টুর্নামেন্টে ফাইনালে পৌরসভা একাদশের জয়

মহেশপুর (ঝিনাইদহ) প্রতিনিধি প্রকাশিত: আগস্ট ২৯, ২০২৫, ০৮:০৯ পিএম
অধ্যাপক মতিয়ার রহমান টুর্নামেন্টে ফাইনালে পৌরসভা একাদশের জয়

ঝিনাইদহের মহেশপুর সরকারি হাইস্কুল মাঠ শুক্রবার বিকেলে উৎসবমুখর পরিবেশে পরিণত হয়। হাজারো দর্শকের করতালিতে মুখরিত এই মাঠে অনুষ্ঠিত হয় অধ্যাপক মতিয়ার রহমান ফুটবল টুর্নামেন্ট–২০২৫ এর ফাইনাল।

মহেশপুর উপজেলার নাটিমা ইউনিয়ন একাদশ ও মহেশপুর পৌরসভা একাদশের মধ্যে রোমাঞ্চকর লড়াই অনুষ্ঠিত হয়। 

নাটিমা ইউনিয়ন প্রথমে একটি গোল করে এগিয়ে যায়, কিন্তু দ্রুত সমতা ফেরায় পৌরসভা একাদশ। শেষ মুহূর্তে দারুণ এক গোলের মাধ্যমে ২–১ ব্যবধানে জয় নিশ্চিত করে পৌরসভা একাদশ।

ফাইনালকে ঘিরে মহেশপুরে উৎসবমুখর পরিবেশ বিরাজ করে। সরকারি হাইস্কুল মাঠে শিশু থেকে প্রবীণ ফুটবলপ্রেমীদের ঢল নামে। প্রতিটি আক্রমণ, বাঁচানো বা উত্তেজনাপূর্ণ মুহূর্তে দর্শকরা হাততালি ও উল্লাসে ভরে তোলে পুরো মাঠ।

খেলার প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও ঝিনাইদহ-৩ আসনের সম্ভাব্য সংসদ সদস্য প্রার্থী অধ্যাপক মতিয়ার রহমান। 

তিনি বলেন, “খেলাধুলা তরুণ সমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখে। এই ধরনের আয়োজন সুস্থ সমাজ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।”

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝিনাইদহ জেলা আমীর ও ঝিনাইদহ-২ আসনের এমপি পদপ্রার্থী অধ্যাপক আলী আজম মো. আবুবকর, তিনি বলেন, “শহর ও গ্রামের তরুণরা খেলাধুলায় কতটা দক্ষ ও প্রতিভাবান তা এই টুর্নামেন্ট প্রমাণ করেছে। এই প্রতিভা লালন করলে জাতীয় ও আন্তর্জাতিক অঙ্গনেও তাদের পরিচিতি হবে।”

অতিথিদের মধ্যে ছিলেন ঝিনাইদহ জেলা জামায়াতের নায়েবে আমীর আব্দুল আলিম, জেলা সেক্রেটারি আব্দুল আওয়াল, জেলা সহকারী সেক্রেটারি, মহেশপুর উপজেলা সাবেক চেয়ারম্যান আ. হাই, জেলা যুব ও ক্রীড়া বিভাগের সভাপতি এডভোকেট ইসমাইল হোসেন এবং স্থানীয় নেতৃবৃন্দ। 

অনুষ্ঠানের সভাপতিত্ব করেন মহেশপুর উপজেলা জামায়াতের আমীর ফারুক আহম্মদ, সঞ্চালনায় ছিলেন উপজেলা সেক্রেটারি ইসমাইল হোসেন পলাশ। আয়োজনে ছিল বাংলাদেশ জামায়াতে ইসলামী যুব ও ক্রীড়া বিভাগ, মহেশপুর উপজেলা শাখা।

খেলা শেষে বিজয়ী দলের হাতে ট্রফি ও পুরস্কার তুলে দেন অতিথিরা।

ইএইচ