মানিকগঞ্জ জেলা প্রশাসন কাপ-২০২৫ ফুটবল টুর্নামেন্টের ফাইনালে মানিকগঞ্জ সদর উপজেলা চ্যাম্পিয়ন হয়েছে। শিবালয় উপজেলাকে ৩-২ গোলে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছে সদর উপজেলা।
শুক্রবার বিকালে মানিকগঞ্জ শহীদ মিরাজ-তপন স্টেডিয়ামে ফাইনাল খেলা উপভোগ করেন হাজারো দর্শক। স্টেডিয়াম ছিল কানায় কানায় পূর্ণ।
আশপাশের বাড়ির ছাদেও দাঁড়িয়ে ফুটবলপ্রেমী নারী-পুরুষরা খেলা উপভোগ করতে দেখা গেছে।
খেলার প্রথমার্ধে দুই দলই ১-১ গোল করে সমতা রক্ষা করে। দ্বিতীয়ার্ধে কোনো দলই গোল করতে পারেনি, ফলে খেলা গড়ায় টাইব্রেকারে।
খেলার আগে এবং হাফটাইমে উন্মুক্ত মঞ্চে গান পরিবেশন করেন গামছা পলাশ, মৌসুমীসহ জাতীয় ও স্থানীয় শিল্পীরা।
ফাইনাল খেলার শেষে প্রধান অতিথি হিসেবে পুরস্কার বিতরণ করেন ঢাকা বিভাগীয় কমিশনার শরফ উদ্দিন আহমেদ চৌধুরী।
এ সময় উপস্থিত ছিলেন— জেলা প্রশাসক (যুগ্ম সচিব) ড. মানোয়ার হোসেন মোল্লা, জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খানম রীতা, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) মোহাম্মদ আলী, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ নাজমুল হাসান, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা শেখ মেজবাহ উল সাবেরিন, শিবালয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জাকির হোসেন প্রমুখ।
মানিকগঞ্জ জেলা প্রশাসন কাপ ফুটবল প্রতিযোগিতা ১৬ আগস্ট থেকে শুরু হয়। এতে সাত উপজেলার মোট ৮টি ফুটবল দল অংশগ্রহণ করে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন