রাজশাহী মহানগরীতে সিএনজিচালিত অটোরিকশা পরিবহন ব্যবস্থা আরও শৃঙ্খলাবদ্ধ, নিরাপদ ও জনবান্ধব করতে সিএনজি মালিক সমিতির নেতাদের সঙ্গে মতবিনিময় সভা করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)।
শনিবার আরএমপির সদর দপ্তরের সভাকক্ষে অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন আরএমপি কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবির।
সভায় সিএনজি পরিবহন খাতের বিদ্যমান সমস্যা, যানবাহন পরিচালনায় শৃঙ্খলা প্রতিষ্ঠা, যাত্রীসেবার মানোন্নয়ন, সড়ক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে বিস্তারিত আলোচনা হয়। এ সময় সিএনজি মালিক সমিতির নেতারা বিভিন্ন সমস্যা, মতামত ও প্রস্তাব তুলে ধরেন।
পুলিশ কমিশনার তাদের বক্তব্য মনোযোগ দিয়ে শোনেন এবং আইনসম্মত ও যৌক্তিক দাবিগুলো বিবেচনা করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
তিনি সিএনজি চালক ও মালিকদের ট্রাফিক আইন কঠোরভাবে মেনে চলার আহ্বান জানিয়ে বলেন, যাত্রীদের সঙ্গে দায়িত্বশীল ও সৌহার্দ্যপূর্ণ আচরণ নিশ্চিত করতে হবে। পাশাপাশি মহাসড়কে সিএনজি পরিচালনা থেকে বিরত থাকতে হবে।
এ ছাড়া কোনো চালক যাতে যাত্রীর মালামাল বা মূল্যবান জিনিসপত্র ছিনতাই, আত্মসাৎ কিংবা অন্য কোনো অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে না পড়েন, সে বিষয়ে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
মোহাম্মদ ফয়েজুল কবির বলেন, নিরাপদ, শৃঙ্খলাবদ্ধ ও জনবান্ধব রাজশাহী মহানগর গড়ে তুলতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের পাশাপাশি পরিবহন মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সব পক্ষের আন্তরিক সহযোগিতা এবং সম্মিলিত উদ্যোগ প্রয়োজন।
এম জি
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন