ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে লাখাই-নাসিরনগর-সরাইল আঞ্চলিক সড়কের দাঁতমন্ডল এলাকায় ট্রাক ও সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও পাঁচজন।
শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনাটি ঘটে।
নিহত ব্যক্তির নাম আমিন মিয়া (৫০)। তিনি নাসিরনগর উপজেলার শ্রীঘর গ্রামের মৃত খেলু মিয়ার ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে দাঁতমন্ডল এলাকায় দ্রুতগামী একটি ট্রাকের সঙ্গে সিএনজি অটোরিকশার মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশাটি দুমড়েমুচড়ে যায় এবং হাসপাতালে নেওয়ার পরপরই মারা যান যাত্রী আমিন মিয়া। তবে সংঘর্ষের পরপরই পালিয়ে যায় ট্রাকচালক।
এ দুর্ঘটনায় সিএনজি চালকসহ পাঁচজন আহত হয়েছেন। আহতরা হলেন সেলিম মিয়া, আর্জুন দাস, দিপালী দাস, সাগর মিয়া ও করিম মিয়া।
আহতদের মধ্যে সিএনজি চালক সেলিম মিয়াকে আশঙ্কাজনক অবস্থায় উন্নত চিকিৎসার জন্য ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে নাসিরনগর থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) তানভীর আহমেদ বলেন, “এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”
জেএইচআর
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন