মাটিরাঙ্গায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা

জসীম উদ্দিন জয়নাল, পার্বত্যাঞ্চল প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০২:১৭ পিএম
মাটিরাঙ্গায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন উপলক্ষে অ্যাডভোকেসি সভা

খাগড়াছড়ি জেলার মাটিরাঙ্গায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন-২০২৫ উপলক্ষে দিনব্যাপী অ্যাডভোকেসি সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১০টায় মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সেমিনার কক্ষে উপজেলা স্বাস্থ্য বিভাগের আয়োজনে এবং বিশ্ব স্বাস্থ্য সংস্থার আর্থিক সহায়তায় এ সভা অনুষ্ঠিত হয়। 

সভায় টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন বাস্তবায়ন সংক্রান্ত উপজেলা সমন্বয় কমিটির সদস্যরা অংশ নেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. শোভন দত্তের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নার্গিস সুলতানা।

সভায় আরও উপস্থিত ছিলেন- উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মো. ওবায়দুল হক, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) একাডেমিক সুপারভাইজার মো. শরিফুল ইসলাম বিদ্যুৎ, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ডা. এম এম ইমতিয়াজ চৌধুরী, সিভিল সার্জন কার্যালয়ের ডা. অর্পন চাকমা, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) অংহ্লা মারমা, মাটিরাঙ্গা আলিম মাদ্রাসার অধ্যক্ষ কাজী সলিম উল্ল্যাহ, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা লাভনী চাকমা, মাটিরাঙ্গা প্রেসক্লাব সভাপতি জসীম উদ্দিন জয়নাল, উপজেলা ইসলামী ফাউন্ডেশন ফিল্ড সুপারভাইজার মো. আব্দুল হালিম, মাটিরাঙ্গা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আবুল হাসেম এবং হৃদয় মেম্বারপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শাহিনা আক্তার প্রমুখ।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও নার্গিস সুলতানা টাইফয়েড প্রতিরোধে টিকাদানের গুরুত্ব তুলে ধরেন এবং ক্যাম্পেইন সফলভাবে বাস্তবায়নে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান।

সভাপতির বক্তব্যে ডা. শোভন দত্ত বলেন, টাইফয়েড একটি পানি ও খাদ্যবাহিত প্রতিরোধযোগ্য রোগ। আগামী ১২ অক্টোবর ২০২৫ থেকে মাটিরাঙ্গায় প্রায় ৩৮ হাজার শিশুকে টাইফয়েড টিকা প্রদান করা হবে। এর মধ্যে স্কুল পর্যায়ে ১০ দিনে প্রায় ২৮ হাজার শিক্ষার্থী এবং কমিউনিটি পর্যায়ে ৮ দিনে প্রায় ১০ হাজার শিশুকে টিকার আওতায় আনা হবে। ৯ মাস থেকে ১৫ বছর বয়সী সকল শিশুকে এক ডোজ টাইফয়েড টিকা দেওয়া হবে।

এসময় বিভিন্ন সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধি, চিকিৎসক, স্বাস্থ্যকর্মী, গণমাধ্যমকর্মী ও সুশীল সমাজের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

ইএইচ