মানিকগঞ্জে হত্যা ও ডাকাতি মামলায় ৮ জন গ্রেপ্তার

বি.এম. খোরশেদ, মানিকগঞ্জ প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৪:২৬ পিএম
মানিকগঞ্জে হত্যা ও ডাকাতি মামলায় ৮ জন গ্রেপ্তার

মানিকগঞ্জের সিংগাইরে খামার মালিককে হত্যা ও ৮ গরু ডাকাতির ঘটনায় ডাকাত সর্দার ইসমাইলসহ ৮ জনকে গ্রেপ্তার করেছে র‌্যাব।

রোববার রাতে ঢাকার আশুলিয়া ও ধামরাই এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেপ্তারকৃতরা হলেন- ডাকাত সর্দার ইসমাইল ওরফে ইমরান (৪০), সহযোগী মাসুদ রানা (২৯), ওবায়দুর রহমান (২২), মো. তাওহীদ (১৮), সুমন (২৭), মো. মনু (৪৫), সুরুজ মিয়া (৪৫) ও হাবিবুর রহমান (৩২)।

গত ১৭ আগস্ট সিংগাইর উপজেলার ইসলামনগর গ্রামে মহর উদ্দিনের খামারে অস্ত্রশস্ত্র নিয়ে হানা দেয় একদল ডাকাত। তারা পরিবারের সদস্যদের জিম্মি করে গোয়াল থেকে ৮টি গরু পিকআপে তুলে নিয়ে যায়। খামার মালিক মহর উদ্দিন ও তার ছেলে নূর মোহাম্মদ বাবু বাধা দিলে তাদের কুপিয়ে গুরুতর জখম করা হয়। আহত অবস্থায় তারা হাসপাতালে ভর্তি করা হয়; পরে মহর উদ্দিন সাভারের এনাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। এ ঘটনায় সিংগাইর থানায় হত্যা মামলা দায়ের করা হয়।

র‌্যাব জানায়, ডাকাতির ঘটনাসহ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন এবং জড়িতদের আইনের আওতায় আনার জন্য তারা ছায়া তদন্ত শুরু করে। গোপন সূত্র ও তথ্য প্রযুক্তির মাধ্যমে আসামিদের অবস্থান শনাক্ত করার পর অভিযান পরিচালনা করা হয়। পরে ডাকাত সর্দারসহ ৮ জনকে গ্রেফতার করে সিংগাইর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

র‌্যাব-৪ (সিপিসি-২)-এর স্কোয়াড্রন লিডার মো. নাজমুল ইসলাম সোমবার এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেন।

ইএইচ