ময়মনসিংহের গৌরীপুর উপজেলায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে আব্দুল মান্নান ওরফে মুন্নাফ (৬৫) নামে এক বৃদ্ধ নিহত হয়েছেন। শনিবার রাত আনুমানিক ৯টা ১০ মিনিটে উপজেলার মইলাকান্দা ইউনিয়নের ডেংগা মোড়সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।
নিহত আব্দুল মান্নান উপজেলার পাইসকা গ্রামের মৃত হাতেম আলীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, শনিবার রাতে প্রতিবেশী মোস্তফার সঙ্গে ডেংগা মোড় থেকে বাড়ির উদ্দেশ্যে রওনা হন আব্দুল মান্নান। পথে মোস্তফা রাস্তার পাশে প্রস্রাব করার জন্য থামলে মান্নান একাই সামনে এগিয়ে যান। তিনি লুৎফর রহমানের কচুক্ষেতের উত্তর-পূর্ব কোণে মোতালেবের চায়ের দোকান থেকে প্রায় ৪০ গজ উত্তরে পৌঁছালে আগে থেকে ওৎ পেতে থাকা অজ্ঞাত দুর্বৃত্তরা ধারালো অস্ত্র দিয়ে তাকে এলোপাতাড়ি আঘাত করে। পরে গুরুতর আহত অবস্থায় তাকে রাস্তার পাশের কচুক্ষেতে ফেলে রেখে হামলাকারীরা পালিয়ে যায়।
কিছুক্ষণ পর আব্দুল মান্নানের চিৎকার শুনে মোস্তফা ঘটনাস্থলে গিয়ে তাকে রক্তাক্ত অবস্থায় দেখতে পান। পরে স্থানীয় লোকজন ও স্বজনদের সহায়তায় তাকে উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান জানান, ঘটনাস্থল পরিদর্শন করেছে পুলিশ। নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় আইনগত প্রক্রিয়া চলমান।
এএন
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন