নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।
সোমবার সকাল ১১টায় পিরোজপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।
শোভাযাত্রাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব স্বাধীনতা মঞ্চে গিয়ে শেষ হয়। এতে নেতাকর্মীদের হাতে ছিল রঙিন ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা এবং দলীয় প্রতীক।
শোভাযাত্রা শেষে টাউন ক্লাব চত্বরে আলোচনা সভার আয়োজন করা হয়।
জেলা বিএনপির আহ্বায়ক অধ্যক্ষ আলমগীর হোসেনের সভাপতিত্বে এবং জেলা বিএনপির সদস্য সচিব গাজী ওয়াহিদুজ্জামান লাভলুর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির বন ও পরিবেশ বিষয়ক সহ-সম্পাদক কাজী রওনাকুল ইসলাম টিপু।
আলোচনা সভায় আরও বক্তব্য দেন- বিএনপির নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান, জেলা বিএনপির সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আকন, যুগ্ম আহ্বায়ক শেখ রিয়াজ উদ্দিন রানা, আহ্বায়ক কমিটির সদস্য সাইদুল ইসলাম কিসমত ও হাসানুল কবির লীন, জেলা শ্রমিকদলের সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, জেলা যুবদলের সাবেক সভাপতি মিজানুর রহমান শাহীন, জেলা কৃষকদলের সভাপতি নাসির আহমেদ বাচ্চু, জেলা যুবদলের ভারপ্রাপ্ত আহ্বায়ক কামরুজ্জামান তুষার, সদস্য সচিব এমদাদুল হক মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মনিরুজ্জামান মনি, সদস্য সচিব তৌহিদুল ইসলাম তহিদ, জেলা মৎসজীবী দলের সভাপতি মোঃ তারিকুল ইসলাম নজিবুল, জেলা ছাত্রদলের সভাপতি সালাউদ্দিন তালুকদার কুমার ও সাধারণ সম্পাদক মাহামুদ হাসান শাহীন প্রমুখ।
অনুষ্ঠানে জেলার সাতটি উপজেলার বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষকদল, শ্রমিক দলসহ দলের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় বক্তারা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সবাই একত্রিত হয়ে কাজ করবেন। এছাড়া, আগামী জাতীয় সংসদ নির্বাচনে দলীয় প্রার্থীকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানের হাতকে শক্তিশালী করারও আহ্বান জানান। বক্তারা বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগ এবং আগামীর সুন্দর বাংলাদেশ বিনির্মাণে ঐক্যবদ্ধ থাকার গুরুত্বও উল্লেখ করেন।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন