পাটগ্রামে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে সাজা

পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ১, ২০২৫, ০৫:৪৪ পিএম
পাটগ্রামে অবৈধ বালু উত্তোলন ও পরিবহনের দায়ে সাজা

লালমনিরহাটের পাটগ্রামে ধরলা নদী থেকে অবৈধভাবে উত্তোলিত বালু বিক্রির উদ্দেশ্যে পরিবহন করার অভিযোগে এক ব্যক্তিকে ১ মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা উত্তম কুমার দাশের নেতৃত্বে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে এ সাজা প্রদান করা হয়।

সোমবার দুপুরে উপজেলার বুড়িমারী ইউনিয়নের পেদীরবাড়ি এলাকায় ধরলা নদীর পাড়ে অভিযান পরিচালনা করে ভ্রাম্যমান আদালত। 

সূত্রে জানা যায়, বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন লঙ্ঘন করে অবৈধভাবে নদী থেকে উত্তোলিত বালু বিক্রির উদ্দেশ্যে পরিবহন করার অভিযোগে সাহিদ হাসান (২৫) নামে এক ব্যক্তিকে আটক করা হয়। 

পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১ মাসের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। দণ্ডপ্রাপ্ত সাহিদ হাসান পাটগ্রাম উপজেলার ধবলসুতি এলাকার রহিজুল ইসলামের ছেলে।

অভিযানকালে পাটগ্রাম থানা পুলিশের একটি দল সার্বিক সহযোগিতা করে।

পাটগ্রাম উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের বিচারক উত্তম কুমার দাশ জানান, “অবৈধভাবে উত্তোলিত বালু বিক্রি ও পরিবহনের দায়ে একজনকে সাজা দেওয়া হয়েছে। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”

ইএইচ