বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, দেশের জনগণের মালিকানা ফিরিয়ে আনার একমাত্র উপায় হলো সুষ্ঠু নির্বাচন।
বলেন, “গণতন্ত্র ফিরে আনতে হলে নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার গঠন করতে হবে। জনগণের মালিকানা ফিরিয়ে দিতে হবে। নির্বাচনের মাধ্যমে জনগণের ভোটাধিকার ভিত্তিক আগামীর বাংলাদেশ হবে জনপ্রতিনিধিত্বমূলক।”
সোমবার বিকালে নগরীর কাজীর দেউরীস্থ আলমাস সিনেমার সামনে অনুষ্ঠিত চট্টগ্রাম মহানগর, উত্তর ও দক্ষিণ জেলা বিএনপির র্যালি পূর্ব সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সমাবেশ শেষে আমীর খসরু মাহমুদ চৌধুরীর নেতৃত্বে মিছিলটি কাজীর দেউরী থেকে জুবলী রোড়, এনায়েত বাজার, তিনি পুলের মাথা হয়ে নিউ মার্কেট মোড়ে গিয়ে শেষ হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক আলহাজ্ব এরশাদ উল্লাহ এবং সঞ্চালনা করেন সদস্য সচিব নাজিমুর রহমান।
সভায় প্রধান বক্তার বক্তব্য রাখেন কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবের রহমান শামীম।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র ও মহানগর বিএনপির সাবেক সভাপতি ডা. শাহাদাত হোসেন, কেন্দ্রীয় বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন, মহানগর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আবুল হাশেম বক্কর এবং কেন্দ্রীয় কমিটির সদস্য শামসুল আলম।
আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, “নির্বাচন প্রক্রিয়ায় যদি কেউ বাধা দিতে চায়, তা গণতন্ত্রকে বাধাগ্রস্ত করা এবং জনগণের মালিকানা হরণ করার শামিল। তাই ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন অনুষ্ঠিত হবে।"
তিনি আরও বলেন, দক্ষিণ এশিয়ায় বিএনপি সবচেয়ে বৃহৎ রাজনৈতিক দল। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে দেশনেতার স্বপ্নের বাংলাদেশ গড়ে তোলা হয়েছে এবং তারেক রহমানের নেতৃত্বে ফ্যাসিস্ট ও স্বৈরাচারমুক্ত দেশে নতুন বাংলাদেশ গঠনের স্বপ্ন দেখানো হচ্ছে।
তিনি দেশের অর্থনীতি ও পরিকল্পনার বিষয়ে বলেন, “ক্ষমতায় গেলে প্রথম ১৮ মাসে এক কোটি চাকরির ব্যবস্থা, বিনামূল্যে প্রাথমিক চিকিৎসা, শিক্ষা ও দক্ষতা বৃদ্ধির জন্য বিশাল বিনিয়োগের ব্যবস্থা করা হবে। দেশের বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষ যাতে অর্থনীতি ও ব্যবসায় অংশগ্রহণ করতে পারে, তার ব্যবস্থা করা হবে।”
প্রধান বক্তার বক্তব্যে মাহবুবের রহমান শামীম বলেন, “আমরা নির্বাচনের সড়কে প্রবেশ করেছি। জনগণ উন্মুখ হয়ে আছে ভোট প্রদানের জন্য। গণতন্ত্রের অগ্রযাত্রাকে কেউ বাধাগ্রস্ত করতে পারবে না।”
বিশেষ অতিথি ডা. শাহাদাত হোসেন বলেন, “গণতন্ত্রের পথে যারা বাধা দেবে, জনগণ তাদের প্রত্যাখ্যান করবে।”
ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন বলেন, “নির্বাচন সফল করতে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।”
সভায় আরও বক্তব্য রাখেন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহবায়ক আলহাজ্ব ইদ্রিস মিয়া, সদস্য সচিব লায়ন হেলাল উদ্দিন, মহানগর যুগ্ম আহবায়ক আলহাজ্ব এম এ আজিজ, এডভোকেট আবদুস সাত্তার, এস এম সাইফুল আলম ও দক্ষিণ জেলা যুগ্ম আহবায়ক মুজিবুর রহমান চেয়ারম্যান প্রমুখ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন