কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

কটিয়াদী (কিশোরগঞ্জ) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৩:৩৮ পিএম
কটিয়াদীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, ৫ প্রতিষ্ঠানকে জরিমানা

কিশোরগঞ্জের কটিয়াদী উপজেলার মানিকখালী বাজারে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করেছে। বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মান নিয়ন্ত্রণ, মূল্য তালিকা প্রদর্শন এবং ভোক্তাদের অধিকার রক্ষার উদ্দেশ্যে সোমবার সকালে এ অভিযান চালানো হয়।

অভিযান পরিচালনা করেন কিশোরগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক শফিকুল ইসলাম। এ সময় স্থানীয় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরাও উপস্থিত থেকে অভিযানে সহায়তা করেন।

অভিযানকালে দুইটি ফার্মেসীতে মেয়াদোত্তীর্ণ ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। 

এছাড়া কিছু মনিহারি দোকানে তেলের ড্রামে অস্বাস্থ্যকর পরিবেশ এবং মূল্য তালিকা প্রদর্শনের অনিয়ম লক্ষ্য করা হয়। এসব অভিযোগের ভিত্তিতে মোট পাঁচটি প্রতিষ্ঠানকে বিভিন্ন ধারায় ১৮ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

অভিযান শেষে সহকারী পরিচালক শফিকুল ইসলাম ব্যবসায়ীদের সতর্ক করে বলেন, “প্রতিটি দোকানে সঠিকভাবে মূল্য তালিকা প্রদর্শন করতে হবে, ভোক্তাদের কাছে নির্ধারিত মূল্যে পণ্য বিক্রি করতে হবে এবং দোকান পরিচ্ছন্ন রাখতে হবে। এসব নিয়ম না মানলে ভবিষ্যতে আরও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।”

স্থানীয়রা জানিয়েছেন, নিয়মিত বাজার মনিটরিং ও অভিযানের মাধ্যমে অনিয়ম ও প্রতারণা কমে আসবে এবং ভোক্তারা ন্যায্যমূল্যে নিরাপদ পণ্য পাবেন।

ইএইচ