কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত

কুষ্টিয়া প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ২, ২০২৫, ০৬:২৭ পিএম
কুষ্টিয়ায় ড্রাম ট্রাকের চাপায় শিক্ষার্থী নিহত

কুষ্টিয়ার সদর উপজেলার হরিনারায়ণপুর ইউনিয়নের পূর্ব আব্দালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে মঙ্গলবার ড্রাম ট্রাকের চাকায় চাপা পড়ে জুনায়েদ (৭) নামে এক শিক্ষার্থী নিহত হয়েছে।

নিহত জুনায়েদ ওই গ্রামের মো. লালন জোয়ার্দ্দারের ছেলে এবং বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্র। 

স্থানীয়রা জানিয়েছেন, সকালে জুনায়েদ সহপাঠীদের সঙ্গে খেলার সময় ড্রাম ট্রাকটি ঘোরানোর চেষ্টা করছিল। ট্রাকের হেলপার বা পিছনে নজরদারী না থাকায় সে পেছনের চাকায় চাপা পড়ে ঘটনাস্থলেই নিহত হয়।

প্রত্যক্ষদর্শীরা অভিযোগ করেছেন, বিদ্যালয় সংলগ্ন এলাকায় দীর্ঘদিন ধরে অবৈধভাবে ড্রাম ট্রাক চলাচল করছে, কিন্তু প্রশাসন কোনও ব্যবস্থা নেয়নি। ভারী যানবাহনের কারণে শিশুদের জীবন ঝুঁকিতে পড়ছে।

হরিনারায়ণপুর ক্যাম্প ইনচার্জ নাসির উদ্দিন বিষয়টি নিশ্চিত করে জানান, “স্কুলের সামনেই সড়ক দুর্ঘটনা সংঘটিত হয়েছে। ঘাতক ট্রাক গ্রামে আটক করা হয়েছে এবং আইনি প্রক্রিয়া চলছে।”

এই ঘটনায় এলাকায় শোকের পাশাপাশি ক্ষোভ ছড়িয়ে পড়েছে। অভিভাবক ও স্থানীয়রা প্রশ্ন তুলেছেন—বিদ্যালয়ের মাঠে অবৈধ ড্রাম ট্রাক ঢুকতে দেয় কে? প্রশাসনের উদাসীনতা ও অবহেলার দায় এড়িয়ে যাওয়া যাবে না।

ইএইচ