টাঙ্গাইলের মধুপুর উপজেলার চাপড়ী হাট ও গারো বাজারের বিভিন্ন হোটেলে মোবাইল কোর্ট পরিচালনা করে মোট ২৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
মঙ্গলবার বিকাল ৪টা থেকে ৫টা ৩০ মিনিট পর্যন্ত এ অভিযান পরিচালনা করা হয়।
এ সময় অস্বাস্থ্যকর পরিবেশে খাবার রান্না, দীর্ঘদিনের বাসি-পচা খাবার ফ্রিজে সংরক্ষণ, মেয়াদোত্তীর্ণ খাবার পরিবেশন, উন্মুক্ত স্থানে ঢাকনা ছাড়া খাবার রাখা ইত্যাদি অপরাধে চাপড়ী হাটের হায়দারের হোটেল, গারো বাজারের হোটেল মদীনা এন্ড রেস্টুরেন্ট এবং আকাশ মিষ্টান্ন ভান্ডারের মালিকদের ভোক্তা-অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ অনুযায়ী মোট ২৩,০০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়। একই সঙ্গে বাসি-পচা খাবার ময়লার ঝুড়িতে ফেলে দেওয়া হয়েছে।

মোবাইল কোর্ট পরিচালনা করেন মধুপুর উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রিফাত আনজুম পিয়া।
এ সময় মধুপুর সেনা ক্যাম্পের সেনাবাহিনীর একটি চৌকস দল ও মধুপুর থানার পুলিশ সদস্যরাও উপস্থিত ছিলেন।
উপজেলা সহকারী কমিশনার রিফাত আনজুম পিয়া জানান, ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন