বিএনপির জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান ও সাবেক উপমন্ত্রী অ্যাডভোকেট আব্দুস সালাম পিন্টু বলেছেন, স্বৈরাচারী শেখ হাসিনা পালিয়ে গেলেও দেশে-বিদেশে তার চক্রান্ত ও ষড়যন্ত্র অব্যাহত রয়েছে। নির্বাচন ঠেকাতে এবং তারেক রহমানকে দেশে ফিরতে না দেওয়ার জন্য নানা অপচেষ্টা চালানো হচ্ছে।
তিনি অভিযোগ করেন, ভারত থেকে বসে ফ্যাসিস্ট শেখ হাসিনা এসব ষড়যন্ত্র পরিচালনা করছেন।
বুধবার দুপুরে টাঙ্গাইলের ভূঞাপুরে বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব মন্তব্য করেন।
পিন্টু আরও বলেন, মুক্তিযুদ্ধের নাম ব্যবহার করে আওয়ামী লীগ প্রতিষ্ঠিত করার ষড়যন্ত্র চলছে। তাই এই সময়ে সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে। তিনি ৭৩ সালের ভোটবিহীন নির্বাচনের কথা উল্লেখ করে বলেন, এরপর ৭৪ সালের দুর্ভিক্ষে মানুষের পেটে ভাত ছিল না, পরনে কাপড় ছিল না এবং কলার পাতায় দাফন করা হত। এছাড়া বাংলাদেশে ‘জয় বাংলা’ স্লোগানের আড়ালে বিভিন্ন ধর্মের মানুষকে বিভক্ত করার চেষ্টা চালানো হয়েছিল।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি এডভোকেট গোলাম মোস্তাফা, সাধারণ সম্পাদক সেলিমুজ্জামান সেলু, পৌর বিএনপির সাধারণ সম্পাদক গিয়াস উদ্দিনসহ অন্যান্য নেতৃবৃন্দ।
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন