বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আনন্দ র‍্যালি

পিরোজপুর প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৩, ২০২৫, ০৮:০১ পিএম
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে পিরোজপুরে আনন্দ র‍্যালি

নানা আয়োজন ও উৎসবমুখর পরিবেশে পিরোজপুরে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

বুধবার বিকাল সাড়ে ৪টার দিকে পিরোজপুর পৌরসভা প্রাঙ্গণ থেকে পিরোজপুর পৌর বিএনপির আয়োজনে একটি বর্ণাঢ্য র‍্যালী বের করা হয়। 

র‍্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে টাউন ক্লাব রোডে গিয়ে শেষ হয়। এতে নেতাকর্মীদের হাতে ছিল রঙিন ব্যানার, ফেস্টুন, জাতীয় ও দলীয় পতাকা এবং দলীয় প্রতীক।

র‍্যালি শেষে টাউন ক্লাব রোডে একটি সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পিরোজপুর পৌর বিএনপির সভাপতি শেখ শহীদুল্লাহ শহীদ এর সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন হাওলাদার এবং সাংগঠনিক সম্পাদক তৌহিদুল ইসলাম তৌহিদ।

এ সময় উপস্থিত ছিলেন জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাসানুল কবির লিন, জেলা শ্রমিকদলের সভাপতি আব্দুস সালাম বাতেন, সাধারণ সম্পাদক আফজাল হোসেন টিপু, পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক (২) আলিফ আহমেদ রাজিবসহ আরও অনেকে। এছাড়া পৌর বিএনপির অন্তর্গত ৯টি ওয়ার্ডের অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতা-কর্মী উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় পিরোজপুর পৌর বিএনপির সাধারণ সম্পাদক মো. সরোয়ার হোসেন হাওলাদার বলেন, “বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান কর্তৃক ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের ৩১ দফা বাস্তবায়নে সবাই একত্রিত হয়ে কাজ করব। পিরোজপুর-১ আসন ধানের শীষের আসন ছিনিয়ে নেওয়ার চেষ্টা করা হয়েছিল। আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে কোনো ষড়যন্ত্র যাতে সফল না হয়, সেজন্য পৌরবাসীর সচেতনতা জরুরি। আমরা দলীয় প্রার্থীকে বিজয়ী করে দেশনায়ক তারেক রহমানের হাত শক্তিশালী করব।”

তিনি আরও বলেন, “বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আত্মত্যাগের কথা স্মরণ করে আগামী সুন্দর বাংলাদেশের জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহবান জানাই।”

ইএইচ