বোয়ালমারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭৭ জনের নামে মামলা, গ্রেপ্তার ২

বোয়ালমারী (ফরিদপুর) প্রতিনিধি প্রকাশিত: সেপ্টেম্বর ৪, ২০২৫, ০৫:১৬ পিএম
বোয়ালমারীতে নিষিদ্ধ ছাত্রলীগের ৭৭ জনের নামে মামলা, গ্রেপ্তার ২

ফরিদপুরের বোয়ালমারী উপজেলায় নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের ৭৭ জনকে আসামি করে সন্ত্রাসী বিরোধী আইনে মামলা দায়ের করা হয়েছে।

মামলার এক নম্বর ও দুই নম্বর আসামিকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার (ফরিদপুর আদালতে প্রেরণ করা হয়েছে।

গ্রেপ্তারকৃতরা হলেন— মৎস্যজীবী লীগ নেতা গাফফার বিশ্বাস (৩৯), আম গ্রামের বাসিন্দা, এবং পৌর যুবলীগের সদস্য রকিবুল ইসলাম রকিব (৩৬), দক্ষিণ কামার গ্রামের বাসিন্দা। তাদেরকে বুধবার রাতে নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, গত রোববার রাতে নিষিদ্ধ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক প্রান্ত সিদ্দিকি পৌর শহরে পোস্টার লাগিয়ে আতঙ্ক সৃষ্টি করেন। এ ঘটনায় বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) এসআই শফিকুল ইসলাম বাদী হয়ে উপজেলা ছাত্রলীগের সভাপতি সৈয়দ মর্তুজা আলী তমালকে ৩ নং এবং সাধারণ সম্পাদক প্রান্তি সিদ্দিকীকে ৪ নং আসামি করে মোট ৭৭ জনকে আসামি করে মামলা নথিভুক্ত করেন। মামলা নং ৫।

মামলার তদন্ত কর্মকর্তা এসআই শামীম দেওয়ান বলেন, “নিষিদ্ধ ছাত্রলীগের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে মামলা করা হয়েছে। ইতোমধ্যে দুই আসামিকে গ্রেপ্তার করে আদালতে প্রেরণ করা হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

থানা অফিসার ইনচার্জ (ওসি) মাহমুদুল হাসান জানান, “নিষিদ্ধ ছাত্রলীগ নেতাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। গ্রেপ্তারকৃতদের আদালতে পাঠানো হয়েছে, বাকি আসামিদেরও শীঘ্রই গ্রেপ্তারের চেষ্টা চলছে।”

ইএইচ