নাটোরের বাগাতিপাড়ায় ভোক্তা অধিকার আইন-২০০৯-এর বিভিন্ন ধারায় দুই সার ব্যবসায়ীকে মোট ১৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে উপজেলার মালঞ্চি ও বিহারকোল বাজারে ভ্রাম্যমাণ আদালত অভিযান পরিচালনা করে।
বাগাতিপাড়া উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজনের নেতৃত্বে পরিচালিত অভিযানে, স্থানীয় কৃষকের অভিযোগের ভিত্তিতে মালঞ্চি বাজারের গারোদিয়া অ্যান্ড সন্সের স্বত্বাধিকারী সুভাশীষ গারোদিয়াকে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৪৫ ধারায় ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে বিহারকোল এলাকার মেসার্স তুলসী ট্রেডার্সের স্বত্বাধিকারী শ্যাম সুন্দর মোরকে ভোক্তা অধিকার আইন ২০০৯-এর ৪০ ধারায় ৭ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযানে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায়, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ফিরোজ আলীসহ অন্যান্য কর্মকর্তারা। নিরাপত্তার দায়িত্বে ছিলেন বাগাতিপাড়া মডেল থানার পুলিশ সদস্যরা।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফ আফজাল রাজন বলেন, “কৃষকদের অভিযোগের ভিত্তিতে এসব ব্যবসায়ীর বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়েছে। ভোক্তাদের স্বার্থ সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।”
ইএইচ
আমার সংবাদের সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন